...|...|...

সারাদেশ

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জে যাচ্ছেন আমির হামজা

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৪ জুন ২০২৬, সকাল ৬:৩৯ | আপডেট: ২২ আগস্ট ২০২৬, রাত ২:৩৯
Shares
আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জে যাচ্ছেন আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে করা বক্তব্যের জেরে দায়ের করা মানহানির মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজা আত্মসমর্পণ করবেন।

রবিবার (১৪ জুন) দুপুরে আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ আদালতে যাচ্ছেন তিনি।

সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘তিনি দুপুরে আত্মসমর্পণের জন্য সিরাজগঞ্জ আদালতে আসবেন। বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি।’

সিরাজগঞ্জ জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম মল্লিক গণমাধ্যমকে বলেন, ‘মুফতি আমির হামজা হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন। আজ তিনি সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করবেন। তিনি দুপুরে আদালতে উপস্থিত হবেন বলে আমরা নিশ্চিত হয়েছি। বাকি সিদ্ধান্ত আদালতের। 

এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে মন্তব্য করার অভিযোগে গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়। একই দিন আদালত তাকে সমন জারি করে ২১ এপ্রিল হাজির হওয়ার নির্দেশ দেন।

নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

পরবর্তীতে আদালতে হাজির না হওয়ায় গত ১৭ মে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কর্মকার তার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।

উল্লেখ্য, মুফতি আমির হামজা একজন বাংলাদেশি ইসলামি বক্তা, দাঈ, লেখক, রাজনীতিবিদ ও সংসদ সদস্য। তিনি ওয়াজ মাহফিলে একাধিকবার বিতর্কিত বক্তব্য প্রদান করে দেশজুড়ে সমালোচিত হন এবং ক্ষমা চান। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।