...|...|...

জাতীয়

আজ সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ভোর রাত ৫:৪৬ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:০৮
Shares
আজ সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: টাইমস টুডে

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো একদিনের সফরে আজ মঙ্গলবার সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে বরণ করে নিতে নগরজুড়ে চলছে নানা প্রস্তুতি। তোরণ নির্মাণ, আলোকসজ্জা ও পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা।

রাষ্ট্রপতি কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টা ১৫ মিনিটে বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন রাষ্ট্রপতি। বিমানবন্দর থেকে তিনি সার্কিট হাউজে যাবেন। সেখানে গার্ড অব অনার গ্রহণ ও কিছু সময় বিশ্রাম শেষে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।

সফরের পরবর্তী ধাপে বেলা সাড়ে ৩টায় সিলেট নগর ভবনের সামনে সিলেট সিটি করপোরেশনের আয়োজনে অনুষ্ঠিত সুধী সমাবেশে যোগ দেবেন রাষ্ট্রপতি। সেখানে তাকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে।

অনুষ্ঠান শেষে রাত ৮টার দিকে রাষ্ট্রপতির ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করার কথা রয়েছে।

রাষ্ট্রপতির সফর ঘিরে নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে সিলেট মহানগর পুলিশের কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বলেন, রাষ্ট্রপতির নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুরো পরিকল্পনা সাজানো হয়েছে। স্পেশাল সিকিউরিটি ফোর্স, জেলা প্রশাসন ও সিলেট সিটি করপোরেশনের সাথে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এদিকে নাগরিক সংবর্ধনাকে ঘিরেও শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ূম চৌধুরী জানান, নগর ভবনের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ১ হাজার ২০০ আমন্ত্রিত অতিথির বসার ব্যবস্থা করা হয়েছে। রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।