বছরের অন্যতম বড় ও উজ্জ্বল পূর্ণিমার চাঁদ দেখা যাবে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে। ‘বিভার সুপারমুন’ নামে পরিচিত এই চাঁদ সূর্যাস্তের পর থেকেই আকাশে দেখা যাবে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে উপভোগ করা যাবে এ মহাজাগতিক দৃশ্য। পূর্ণিমার চাঁদটি রাত ৮টা ৫৩ মিনিটে পূর্ণতা পাবে।
মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী, চাঁদ তার উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে (পেরিজি) পৌঁছানোর সময় পূর্ণিমা হলে তাকে সুপারমুন বলা হয়। এ সময় স্বাভাবিক পূর্ণিমার তুলনায় চাঁদকে কিছুটা বড় ও উজ্জ্বল দেখায়।
নাসা জানিয়েছে, এবারের বিভার সুপারমুন বছরের অন্যান্য পূর্ণিমার চাঁদের তুলনায় প্রায় ১৪ শতাংশ বড় এবং ৩০ শতাংশ পর্যন্ত বেশি উজ্জ্বল মনে হতে পারে। এদিন চাঁদের কাছাকাছি আকাশে দেখা যেতে পারে পরিচিত তারাগুচ্ছ প্লাইয়াডিস, যা ‘সাত বোন’ নামেও পরিচিত।
নভেম্বরের এই পূর্ণিমার মধ্য দিয়ে শুরু হচ্ছে ধারাবাহিক সুপারমুনের পর্ব। এর পর আগামী ২৪ ডিসেম্বর, ২২ জানুয়ারি এবং ২০ ফেব্রুয়ারিতেও দেখা মিলবে সুপারমুনের।
কখন দেখা যাবে বিভার সুপারমুন?
মঙ্গলবার সূর্যাস্তের পর থেকেই আকাশে দেখা যাবে বিভার সুপারমুন। তবে রাত ৮টা ৫৩ মিনিটে চাঁদ পূর্ণতম রূপ ধারণ করবে। তাই এ সময়ের আশপাশে আকাশ পরিষ্কার থাকলে উপভোগ করা যাবে পূর্ণিমার চাঁদের সৌন্দর্য।
কোথা থেকে দেখা যাবে?
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে মঙ্গলবার সন্ধ্যা ও রাতে দেখা যাবে এ সুপারমুন। এটি দেখতে বিশেষ কোনো যন্ত্রের প্রয়োজন নেই। খোলা জায়গা থেকে আকাশের দিকে তাকালেই দেখা মিলতে পারে উজ্জ্বল এই পূর্ণিমার চাঁদের।
সূত্র: এসএএনএম

