...|...|...

সারাদেশ

আগুন-ভাঙচুরে উত্তপ্ত সাজেক, চলছে টানা ১৩ দিনের অবরোধ

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, বিকেল ৪:৩৬
Shares
আগুন-ভাঙচুরে উত্তপ্ত সাজেক, চলছে টানা ১৩ দিনের অবরোধ

ফাইল ছবি

রাঙ্গামাটি র বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধ অব্যাহত রয়েছে। চতুর্থ দফায় টানা ১৩ দিন ধরে চলা এ অবরোধে কার্যত অচল হয়ে পড়েছে সাজেকের পর্যটন ও স্বাভাবিক যোগাযোগব্যবস্থা। গত ১১ অক্টোবর থেকে বিভিন্ন পর্যায়ে চলমান অবরোধে ১৪ নভেম্বর পর্যন্ত মোট ২৪ দিন সড়ক যোগাযোগ বন্ধ বা সীমিত থাকায় পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন।

শনিবার (১৪ নভেম্বর) সকালেও সাজেক পর্যটন সড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে স্লোগান দিয়ে পিকেটিং করেন অবরোধকারীরা। সাজেক গণ অধিকার রক্ষা কমিটির ব্যানারে চলা এ কর্মসূচিতে দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, গত ১১ অক্টোবর থেকে সাজেকের পর্যটন সড়কে অবরোধ কর্মসূচি শুরু হয়। প্রথম দফার অবরোধে পর্যটক ও যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়লে কয়েক দফায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্যোগে পর্যটকদের নিরাপদে ফিরিয়ে নেওয়া হয়। পরে দুর্গাপূজা উপলক্ষে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ শিথিল থাকায় কিছু পর্যটক সাজেকে যাতায়াত করেন। তবে ২২ অক্টোবর থেকে আবারও নতুন করে উত্তেজনা ও অবরোধ পরিস্থিতি তৈরি হয়।

পরবর্তী সময়ে বিভিন্ন সংগঠনের কর্মসূচি, দাবি-দাওয়া এবং প্রশাসনের সাথে দফায় দফায় আলোচনা হলেও সংকটের স্থায়ী সমাধান হয়নি। এর মধ্যে কয়েক দফায় অবরোধ শিথিল ও পুনরায় কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। সর্বশেষ চতুর্থ দফায় অনির্দিষ্টকালের অবরোধের ১৩ দিন পার হয়েছে।

অবরোধের কারণে সাজেকের সাথে দেশের অন্যান্য এলাকার সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পর্যটকদের আগমন বন্ধ থাকায় শতাধিক রিসোর্ট, কটেজ, রেস্টুরেন্ট ও পর্যটননির্ভর ব্যবসাপ্রতিষ্ঠানে স্থবিরতা নেমে এসেছে। পর্যটক পরিবহনে ব্যবহৃত চাঁদের গাড়ি, মাহেন্দ্র ও অন্যান্য যানবাহনের চালকরাও কর্মহীন হয়ে পড়েছেন। দীর্ঘদিন ধরে আয় বন্ধ থাকায় ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।

সাজেকের পর্যটন ব্যবসায়ীদের আশঙ্কা, দীর্ঘস্থায়ী অবরোধে ইতোমধ্যে কয়েক কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। রিসোর্ট-কটেজের বুকিং বাতিল, পরিবহন ভাড়া, রেস্টুরেন্টের ব্যবসা এবং কর্মচারীদের বেতন-ভাতাসহ বিভিন্ন খাতে ক্ষতির পরিমাণ বাড়ছে। অনেক উদ্যোক্তা ঋণ নিয়ে পর্যটন ব্যবসায় বিনিয়োগ করায় তাদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সাজেকের রুইলুই রিসোর্টের পরিচালক মিশু দে বলেন, মৌসুম শুরু হওয়ার আগেই আমরা রিসোর্টের সংস্কার করে পর্যটকদের জন্য প্রস্তুত করেছি। কিন্তু একমাসের টানা অবরোধে সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ রয়েছে। এখানকার উদ্যোক্তারা অর্থনৈতিকভাবে চরম ক্ষতির মুখে পড়েছে। দ্রুত সংকটের সমাধান করে সাজেক পর্যটনকেন্দ্র খুলে দেয়া দরকার।

অন্যদিকে, অবরোধের প্রভাবে স্থানীয় বাসিন্দাদের নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন, কৃষিপণ্য বাজারজাতকরণ এবং শিক্ষার্থীদের যাতায়াতও ব্যাহত হচ্ছে। বিভিন্ন সময়ে কৃষিপণ্য ও জরুরি পণ্য পরিবহনে অবরোধ শিথিলের ঘোষণা দেওয়া হলেও সামগ্রিক যোগাযোগ পরিস্থিতির উন্নতি হয়নি।

সাজেকের তারেং ডিপার্টমেন্টাল স্টোরের মালিক জনিসন চাকমা বলেন, ব্যবসা কার্যত বন্ধ হয়ে গেছে। পর্যটক ছাড়া সাজেক অচল। আমাদের ৪টি মুদি দোকানের ২টি সম্পূর্ণ বন্ধ রয়েছে বাকি দুইটা মাঝেমধ্যে খোলা রাখা হচ্ছে। তবে দোকানে তেমন মালামাল নেই। পণ্য পরিবহনের জন্য গাড়ি চলাচলের কথা থাকলেও গাড়ি চলছে না। আমরা বেকার বসে আছি।

এদিকে সংকট নিরসনে প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার উদ্যোগ নেওয়া হয়েছে। রাঙ্গামাটি র জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা হলেও এখন পর্যন্ত কার্যকর সমঝোতা প্রতিষ্ঠিত হয়নি। সংসদ সদস্যদের পক্ষ থেকেও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানানো হয়েছে।

সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, সাজেকের সংকট সমাধানে দুই এমপি, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে আন্দোলনকারীদের বৈঠক হয়েছিল। সেখানে কোনো সমাধান হয়নি ফলে অবরোধ এখনো অব্যাহত রেখেছে আন্দোলনকারীরা। তবে সংকট সমাধানে এখনো চেষ্টা চলছে। আশা করি দ্রুতই একটা সমাধান হবে।

সাজেক গণ অধিকার রক্ষা কমিটির পক্ষ থেকে দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার অবস্থান জানানো হয়েছে। অন্যদিকে পর্যটন ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা দ্রুত আলোচনার মাধ্যমে সংকট নিরসন, পর্যটন সড়কে স্বাভাবিক যান চলাচল এবং সাজেকের পর্যটনশিল্প সচল করার দাবি জানিয়েছেন।

সাজেক রিসোর্ট ও কটেজ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুপর্ণ দেব বর্মন জানান, প্রায় এক মাসের অবরোধে সাজেকের পর্যটনশিল্প বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। ব্যবসা-বাণিজ্য বন্ধ, উদ্যোক্তরা হতাশ। স্থানীয়রা বেকার সময় পার করছে। সমস্যার দ্রুত সমাধান না হলে পর্যটনশিল্প শেষ হয়ে যাবে। শত শত মানুষের কর্মসংস্থান হুমকির মুখে পড়বে। আমরা সংকট সমাধানে সকলের সহযোগিতা চাই।

দীর্ঘদিনের এই অচলাবস্থায় সাজেকের পর্যটন অর্থনীতি, স্থানীয় জনজীবন ও যোগাযোগব্যবস্থা ক্রমেই বিপর্যস্ত হয়ে পড়ছে। সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে কার্যকর সংলাপ ও সমঝোতা প্রতিষ্ঠিত না হলে পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছেন স্থানীয়রা।