...|...|...

তথ্যপ্রযুক্তি

আইফোন ডুওর স্ক্রিনে ত্রুটি-ফাটল, ক্ষতিগ্রস্ত গ্রাহকদের নতুন ফোন দেওয়ার ঘোষণা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, সকাল ১০:৫৬
Shares
আইফোন ডুওর স্ক্রিনে ত্রুটি-ফাটল, ক্ষতিগ্রস্ত গ্রাহকদের নতুন ফোন দেওয়ার ঘোষণা

ছবি: সংগৃহীত

বাজারে আসার মাত্র কয়েক দিনের মধ্যেই স্ক্রিনের মারাত্মক ত্রুটি নিয়ে বড় বিপাকে পড়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন ‘আইফোন ডুও’। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীদের শেয়ার করা ছবিতে ফোনের স্ক্রিনে অনাকাঙ্ক্ষিত রেখা এবং মাঝখানের ভাঁজ বরাবর ফাটল দেখা গেছে। এই পরিস্থিতিতে ত্রুটিপূর্ণ ডিভাইসগুলো সম্পূর্ণ বদলে দেওয়ার ঘোষণা দিয়েছে অ্যাপল।

বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্যে প্রায় ১ হাজার ৯৯৯ পাউন্ড (২ হাজার ৬৬৮ মার্কিন ডলার) মূল্যের এই প্রিমিয়াম ফোনটি নিয়ে ক্রেতাদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা গেলেও প্রথম ব্যাচেই এই বড় ধাক্কা এল।

অ্যাপল জানিয়েছে, অল্পসংখ্যক ‘আইফোন ডুও’ ফোনের ভেতরের ডিসপ্লেতে এ ধরনের সমস্যা দেখা দেওয়ার বিষয়টি তাদের নজরে এসেছে। যেসব ব্যবহারকারী এই সমস্যায় পড়েছেন, তাদের দ্রুত অ্যাপল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ফোন বদলে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে গত সপ্তাহে বিশ্বের বিভিন্ন দেশের অ্যাপল স্টোরের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ফোনটি সংগ্রহ করেছিলেন প্রযুক্তিপ্রেমীরা। স্যামসাংসহ অন্যান্য প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ডগুলোর ফোল্ডেবল ফোনের বাজারে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়তেই এই ফোন বাজারে এনেছিল অ্যাপল।

কিন্তু ৭ দশমিক ৬ ইঞ্চি বা ১৯ দশমিক ৩ সেন্টিমিটারের এই ফ্লেক্সিবল ডিসপ্লে জোড়া লাগানোর জটিল কবজা বা হিঞ্জ প্রযুক্তির ত্রুটির কারণে অনেক ব্যবহারকারী ফোন খোলার সময় অস্বাভাবিক শব্দ ও স্ক্রিনে ফাটল ধরার অভিযোগ তোলেন।

বিশ্লেষকদের মতে, ২০১৯ সালে স্যামসাংয়ের প্রথম গ্যালাক্সি ফোল্ড ফোনটিও বাজারে আসার পর প্রায় একই ধরনের স্ক্রিন জটিলতার মুখে পড়েছিল। নতুন প্রযুক্তির এই প্রাথমিক চ্যালেঞ্জ অ্যাপল কীভাবে কাটিয়ে ওঠে, এখন সেটাই দেখার বিষয়।