অল্পবয়সী মেয়েদের হাতে স্মার্টফোন তুলে দিয়ে তাদের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে বলে সতর্ক করেছেন সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ কাউসার আজিজ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কলারোয়া উপজেলার ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ে কিশোরীদের সুরক্ষা ও সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সতর্কবার্তা দেন।
অভিভাবকদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, আপনারা আপনাদের অল্পবয়সী মেয়েদের হাতে স্মার্টফোন কিনে দিয়ে তাদের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ঠেলে দিয়েছেন।
তিনি কিশোরীদের স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উদ্যোগে দরিদ্র নারীদের জীবনমান উন্নয়নে পরিচালিত ‘পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প’ (ইরেসপো)-এর আওতায় এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এতে কিশোরী ও তাদের অভিভাবকেরা অংশ নেন।
কর্মশালায় কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, সচেতনতা ও নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি কিশোরীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পরিবার ও সমাজের দায়িত্ব নিয়েও গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিআরডিবি সাতক্ষীরার উপপরিচালক আফরুজ্জামান। কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও কিশোরীরা উপস্থিত ছিলেন।



