ইরানের সঙ্গে চলমান যুদ্ধে অন্তত ৪৫টি এমকিউ-৯ রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী, যা এই মডেলের যুদ্ধপূর্ব পুরো বহরের প্রায় এক-চতুর্থাংশ। মার্কিন তিনজন কর্মকর্তার বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের সঙ্গে যুদ্ধে অন্তত ৪৫টি এমকিউ-৯ রিপার ড্রোন হারিয়েছে, যা তাদের বহরের প্রায় ২৫ শতাংশ বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।
রিপার ড্রোন নজরদারি ও লক্ষ্যবস্তুতে হামলা চালাতে ব্যবহৃত হয়, এবং সেন্সর ও অস্ত্রের ধরনভেদে প্রতিটি ড্রোনের দাম ৩ থেকে ৫ কোটি ডলার পর্যন্ত হতে পারে বলে বিমানবাহিনীর তথ্যে জানা গেছে। এই হিসাবে ক্ষয়ক্ষতির সম্ভাব্য আর্থিক মূল্য দাঁড়ায় ১৩০ কোটি ডলারের বেশি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ হাজার ৯০০ কোটি টাকা।
এসব ড্রোন সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে হরমুজ প্রণালী এলাকায়, যা এই সংঘাতের একটি গুরুত্বপূর্ণ উত্তেজনাস্থল এবং টেকসই শান্তিচুক্তির পথে একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে ড্রোনগুলো ধীরগতির ও নিচু উচ্চতায় ওড়ে বলে ইরান ও তার আঞ্চলিক মিত্রদের জন্য এগুলো তুলনামূলক সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হয়।
একজন চতুর্থ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, হারানো সব ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়নি—কিছু ড্রোন অপারেটরদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে গিয়েছিল।
যুদ্ধ শুরুর সময় যুক্তরাষ্ট্রের কাছে প্রায় ১৮৫টি রিপার ড্রোন ছিল বলে জানা গেছে। এ ঘটনা যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সবচেয়ে পরিচিত সশস্ত্র ড্রোনটির সুরক্ষিত আকাশসীমাতেও দুর্বলতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।


