জাতীয় সংসদ ভবনের বিভিন্ন স্থান, এমনকি মসজিদের ছাদ থেকেও বৃষ্টির পানি পড়ার ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন সরকারি দলের হুইপ জি কে গউছ। বিষয়টির সত্যতা স্বীকার করে ডেপুটি স্পিকার জানিয়েছেন, শুধু সংসদ ভবন নয়, বৃষ্টির দিনে তার নিজের ঘরের ছাদ থেকেও পানি পড়ে। পরিস্থিতি সামাল দিতে তাকেও বাটি রেখে পানি আটকাতে হয়।
সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদে ডেপুটি স্পিকারের সভাপতিত্বে পয়েন্ট অব অর্ডারে বিষয়টি সংসদের নজরে আনেন হুইপ জি কে গউছ।
তিনি বলেন, জাতীয় সংসদ ভবনের পবিত্র মসজিদসহ বিভিন্ন কক্ষে বৃষ্টির পানি ঢুকছে। সংসদ সদস্যরা যে কক্ষে অধিবেশনে অংশ নেন, তার ওপরের তলাতেই রয়েছে মসজিদ। সেখানে নামাজ আদায়ের সময় পানি পড়ার কারণে বালতি দিয়ে পানি আটকাতে হচ্ছে।
হুইপ বলেন, “যে সংসদে আমরা ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন করেছি, সেই সংসদ ভবনের মসজিদের এমন অবস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” তিনি দ্রুত ছাদ সংস্কার করে পানি পড়া বন্ধের দাবি জানান।
হুইপের বক্তব্যের জবাবে ডেপুটি স্পিকার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, সংসদ ভবনের ছাদ থেকে পানি পড়ার বিষয়টি তারা অবগত হয়েছেন। এ সময় নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, বৃষ্টির দিনে তার নিজের ঘরের ছাদ থেকেও পানি পড়ে। তখন মেঝেতে বাটি রেখে পানি আটকানোর ব্যবস্থা করতে হয়।
ডেপুটি স্পিকারের এমন মন্তব্যে সংসদ কক্ষে কিছুটা হাস্যরসের পরিবেশ তৈরি হয়। তবে তিনি বিষয়টির গুরুত্বও তুলে ধরেন।
পরে সংসদ পরিচালনাকারী চিফ হুইপ জানান, জাতীয় সংসদ ভবনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের। পানি পড়ার বিষয়টি নিয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। ভবনের যেসব স্থান থেকে পানি পড়ছে, সেগুলো সংস্কারের কাজ শুরু হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, আগামী এক সপ্তাহের মধ্যে সমস্যার স্থায়ী সমাধান করা সম্ভব হবে।
এ সময় ডেপুটি স্পিকার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, সংশ্লিষ্ট মন্ত্রী সংসদেই উপস্থিত আছেন। তিনি বিষয়টি নিয়ে কিছু বললে সবাই আশ্বস্ত হতে পারবেন।
জবাবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জানান, সংসদ ভবনের ছাদ সংস্কারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে সমস্যার স্থায়ী সমাধান করা হবে।


