...|...|...

সারাদেশ

‘চাঁদার টাকায় জন্মানো দল বিএনপিকে চাঁদাবাজ বলছে’

স্টাফ রিপোর্টার, মাদারীপুর
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:১৮
Shares
‘চাঁদার টাকায় জন্মানো দল বিএনপিকে চাঁদাবাজ বলছে’

আনিসুর রহমান খোকন তালুকদার। ছবি: টাইমস টুডে

জামায়াতে ইসলামী নির্বাচনে জয়লাভ করতে না পেরে দিশেহারা হয়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।

তিনি বলেন, যাদের রাজনীতির জন্মই হয়েছে চাঁদার টাকায়, তারাই আজ বিএনপিকে চাঁদাবাজ বানানোর চেষ্টা করছে এবং দলের সুনাম ক্ষুণ্ন করতে অপপ্রচারে লিপ্ত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুরের ডাসার উপজেলার শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে আয়োজিত নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় এনসিপির সমালোচনা করে খোকন তালুকদার বলেন, বর্তমানে যারা এনসিপির নেতৃত্বে আছেন, তাদের কেউ কেউ অপপ্রচারে লিপ্ত হয়েছেন। তারা প্রধানমন্ত্রীকে নিয়ে আবোল-তাবোল কথা বলছেন। তাদের বিগত দিনের রাজনৈতিক ইতিহাস দেখলে দেখা যাবে, একসময় তারা আওয়ামী লীগের স্লোগান দিতে দিতে মুখ ব্যথা করে ফেলেছেন। এখন তারাই আওয়ামী লীগের বিরোধিতা করছেন। একইসাথে তারা বিএনপিকেও ছোট করার চেষ্টা করছেন।

তিনি আরও বলেন, বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে রাজনৈতিকভাবে দলটিকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। এসব অপপ্রচারের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ৈ, ডাসার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ এবং ডাসার উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদার।

এ ছাড়া অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।