...|...|...

বিনোদন

‘গোপনে বিয়ে’ নিয়ে যা বললেন অভিনেত্রী পূজা চেরি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, সকাল ৯:২৬ | আপডেট: ৩০ আগস্ট ২০২৬, রাত ১০:৫৯
Shares
‘গোপনে বিয়ে’ নিয়ে যা বললেন অভিনেত্রী পূজা চেরি

চিত্রনায়িকা পূজা চেরি। ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় ও ব্যস্ত অভিনেত্রী পূজা চেরি এবার আলোচনায় এসেছেন ভিন্ন এক কারণে। সাধারণত তাকে নিয়ে আলোচনা হয় সিনেমার কাজ ঘিরেই, তবে মাঝে মাঝে তার ব্যক্তিগত জীবন নিয়েও নানা গুঞ্জন চাউর হয় বিনোদন অঙ্গনে।

এবারের আলোচনার কেন্দ্রে রয়েছে এমন এক গুঞ্জন, যেখানে দাবি করা হচ্ছে- তিনি নাকি এক ব্যবসায়ীর সঙ্গে নিভৃতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে ফেলেছেন। বিষয়টি চাউর হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় জল্পনা-কল্পনার ঝড়।

তবে এই গুঞ্জনের ব্যাপারে নীরব থাকেননি পূজা চেরি নিজেও। তিনি সরাসরি প্রতিক্রিয়া জানিয়ে বিষয়টিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া বলে উড়িয়ে দিয়েছেন।

 ছবি: সংগৃহীত

সোমবার (১৭ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দীর্ঘ একটি পোস্টের মাধ্যমে তিনি বিষয়টি স্পষ্ট করেন। তার ভাষ্য অনুযায়ী, বিভিন্ন গণমাধ্যমে তার বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে যেসব প্রতিবেদন প্রকাশ হচ্ছে, তার অধিকাংশই ভুয়া এবং বিভ্রান্তিকর, যা তাকে ব্যক্তিগতভাবে অস্বস্তিতে ফেলছে।

 ছবি: সংগৃহীত

পূজা জানান, তিনি আগেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে তার বাগদান হয়ে গেছে এবং পরিবারের সিদ্ধান্তেই তার বিয়ে ঠিক হয়েছে। তবে বিয়ের অনুষ্ঠান কখন হবে, তা তিনি নিজেই যথাসময়ে সবাইকে জানাবেন বলে উল্লেখ করেন। 

 ছবি: সংগৃহীত

বর্তমানে তিনি ব্যক্তিগত সময় নিচ্ছেন এবং আসন্ন কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান। তার কথায়, বিয়ে এখনো হয়নি, আর কোনো তথ্য যাচাই ছাড়াই বারবার তাকে নিয়ে ভুয়া খবর প্রকাশের উদ্দেশ্য নিয়ে তিনি প্রশ্ন তোলেন।

এরপর তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ করে কারও নামে মিথ্যা তথ্য প্রচার করা আইনত অপরাধ।

 ছবি: সংগৃহীত

এ প্রসঙ্গে তিনি বাংলাদেশের সংবিধানের প্রাসঙ্গিক অনুচ্ছেদ এবং সাইবার নিরাপত্তা আইনের উল্লেখ করে বলেন, ‘বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৪৩ অনুচ্ছেদ অনুযায়ী, প্রত্যেক নাগরিকের আইনি সুরক্ষা এবং তার ব্যক্তিগত জীবনের গোপনীয়তা ও সুনাম রক্ষার পূর্ণ অধিকার রয়েছে। সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর ২৫ ধারা অনুযায়ী, ইন্টারনেট বা ডিজিটাল মাধ্যমে ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি সম্পর্কে মিথ্যা, অপমানজনক বা বিভ্রান্তিকর তথ্য প্রচার করা একটি শাস্তিযোগ্য অপরাধ।’

 ছবি: সংগৃহীত

পোস্টের শেষাংশে তিনি ভক্ত ও গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, তবে একইসাথে সতর্ক করে দেন যে তার নীরবতাকে কেউ যদি ভিত্তিহীন সংবাদ প্রচারের সুযোগ হিসেবে ব্যবহার করে, তাহলে তিনি আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবেন। তিনি সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান, যেন তারা যাচাই না করে কোনো তথ্য প্রকাশ না করেন।