রাজ্যটির ইতিহাস পাল্টে দিয়ে কৃষকদের জন্য বড় ধরনের ঋণ মওকুফের ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। সমবায় ব্যাংক থেকে নেওয়া ৭৫ হাজার রুপি পর্যন্ত কৃষিঋণ পুরোপুরি মওকুফ করা হবে।
পাশাপাশি ৭৫ হাজার থেকে ১ লাখ রুপি পর্যন্ত ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ৭৫ হাজার রুপি পর্যন্ত ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নিজ সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে কৃষকদের স্বার্থে এই ঋণ মওকুফের ঘোষণা দেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। রাজ্যটির বিধানসভায় বক্তব্য দেওয়ার সময় বিজয় জানান, চরম আর্থিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও তার রাজনৈতিক দল তামিজাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) সরকার কৃষকদের সুরক্ষায় অতিরিক্ত ৯৫৩ কোটি ৬ লাখ রুপি সহায়তা বরাদ্দ দেবে।
জোসেফ বিজয় উল্লেখ করেন, মে মাসে দায়িত্ব নেওয়ার মাত্র ১৫ দিনের মধ্যেই তামিলনাড়ু সরকার ৫০ হাজার রুপি পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছিল। পরবর্তী সময়ে এই সুবিধার পরিধি আরও বাড়িয়ে ৭৫ হাজার রুপি পর্যন্ত ঋণ শতভাগ মওকুফ এবং ৭৫ হাজার রুপির বেশি ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ হাজার রুপি পর্যন্ত ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানায়, সরকারের এই মানবিক পদক্ষেপে ইতোমধ্যে ১৪ লাখ ৪৪ হাজারের বেশি কৃষক সুবিধা পেয়েছেন।
নতুন এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ১ লাখ রুপির বেশি ঋণের ক্ষেত্রে কৃষকেরা সর্বোচ্চ ৩৫ হাজার রুপি পর্যন্ত ছাড় পাবেন। মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে তামিলনাড়ুর কৃষি খাতের উন্নয়নে একটি বড় মাইলফলক হিসেবে দেখছেন অর্থনীতিবিদ ও আঞ্চলিক বিশ্লেষকেরা।


