...|...|...

সারাদেশ

৪০ বছর শিক্ষকতা শেষে শিক্ষিকাকে রাজকীয় বিদায়

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, সকাল ৬:০০ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:০৩
Shares
৪০ বছর শিক্ষকতা শেষে শিক্ষিকাকে রাজকীয় বিদায়

৪০ বছর শিক্ষকতা শেষে শিক্ষিকাকে রাজকীয় বিদায়। ছবি: টাইমস টুডে

চার দশকের কর্মজীবনের স্মৃতি সাথে নিয়ে মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবসরে গেছেন শিক্ষক বেলা রানী দেব। 

সোমবার (১৭ আগস্ট) দুপুরে ফুলে সাজানো ঘোড়ার গাড়িতে প্রিয় শিক্ষকাকে বিদায় জানালেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সহকর্মী ও প্রাক্তন শিক্ষার্থীরা।

১৯৮৭ সালে বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন বেলা রানী দেব। এরপর কেটে গেছে প্রায় চার দশক। প্রজন্মের পর প্রজন্ম শিক্ষার্থীদের হাতেখড়ির সাক্ষী হয়েছেন তিনি। পাঠদানের পাশাপাশি গড়ে তুলেছেন শিক্ষার্থীদের সাথে এক আত্মিক সম্পর্ক।

বেলা রানীর সহকর্মীরা বলেন, তিনি আমাদের কাছে ছিলেন নির্ভরতার এক নাম। দীর্ঘ কর্মজীবনে নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্ববোধের সাথে শিক্ষকতা করেছেন তিনি। বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষ, মাঠ ও করিডোরে যেন মিশে আছে তার পদচারণার স্মৃতি।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকেরা বলেন, একজন শিক্ষক অবসরে যান, কিন্তু তার শেখানো পাঠ, ভালোবাসা ও স্মৃতি থেকে যায় শিক্ষার্থীদের হৃদয়ে। বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেলা রানী দেবের বিদায়ও যেন তেমনই শেষ নয়, বরং চার দশকের ভালোবাসাকে সাথে নিয়ে নতুন এক যাত্রার শুরু। প্রিয় শিক্ষকের বিদায়বেলায় যে ভালোবাসার দেখা মিলেছে, তা কখনো ভোলার নয়।

বিদায়ের আগে প্রিয় বিদ্যালয়কে ঘিরে স্মৃতির কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বেলা রানী দেব। বিদায়বেলায় তিনি বলেন, আমি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের যে ভালোবাসা পেয়েছি, তা কখনো ভুলব না। দীর্ঘ ৪০ বছর শিক্ষকতা করেছি। চেষ্টা করেছি বাচ্চাদের সর্বোচ্চটা দেওয়ার। আমার বিদায়বেলায় এমন আয়োজন হবে, এত ভালোবাসা পাব- তা কখনো চিন্তা করিনি।