...|...|...

জাতীয়

৩৪ শ্রেণির ভিসা নিয়ে নতুন নীতিমালা অনুমোদন

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, রাত ১১:৩৬ | আপডেট: ২৪ আগস্ট ২০২৬, সকাল ১০:০৮
Shares
৩৪ শ্রেণির ভিসা নিয়ে নতুন নীতিমালা অনুমোদন

ছবি: সংগৃহীত

বিদেশিদের বাংলাদেশে প্রবেশ ও দেশত্যাগ প্রক্রিয়া আরও সহজ, আধুনিক ও সুশৃঙ্খল করতে নতুন ভিসা নীতিমালা অনুমোদন করেছে সরকার। নতুন নীতিমালায় ভিসার শ্রেণি ৩৩টি থেকে বাড়িয়ে ৩৪টি করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ‘ভিসা নীতিমালা ২০২৬’ অনুমোদন দেওয়া হয়। রাতে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, নতুন নীতিমালার মূল লক্ষ্য হলো বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থান প্রক্রিয়া সহজ করা। পাশাপাশি বিদেশি বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য ও দক্ষ জনশক্তি আকৃষ্ট করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

নতুন কাঠামোর মাধ্যমে পর্যটন ও আতিথেয়তা খাতকে উৎসাহিত করা, প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর বাড়ানো এবং একটি আধুনিক ও সেবামুখী অভিবাসন ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা, আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা এবং পারস্পরিকতার ভিত্তিতে বৈশ্বিক ভ্রমণ ব্যবস্থাপনা জোরদারের বিষয়টিও নীতিমালায় গুরুত্ব পেয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৬ সালের ভিসা নীতিমালায় ৩৩টি ভিসা শ্রেণি ছিল। নতুন নীতিমালায় একটি নতুন শ্রেণি যুক্ত করে মোট ৩৪টি করা হয়েছে। একই সঙ্গে আগের সব ভিসা-সংক্রান্ত সার্কুলার বাতিল করে একটি সমন্বিত ও আধুনিক ভিসা কাঠামো চালু করা হবে।

নতুন ভিসা নীতিমালা বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বহির্গমন ও পাসপোর্ট অধিদপ্তর এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনগুলো সমন্বিতভাবে কাজ করবে। সরকারের আশা, এই নীতিমালার মাধ্যমে বিদেশিদের জন্য বাংলাদেশে যাতায়াত আরও সহজ হবে এবং দেশের অর্থনৈতিক ও কূটনৈতিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে।