...|...|...

জাতীয়

২০২৭ সালে কোন তারিখে কী ছুটি, দেখে নিন তালিকা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৩৯
Shares
২০২৭ সালে কোন তারিখে কী ছুটি, দেখে নিন তালিকা

ছবি: সংগৃহীত

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার প্রকাশিত এ-সংক্রান্ত প্রজ্ঞাপনে নতুন করে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে সাধারণ ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী বছর সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে সরকারি ছুটি ১৫ দিনসহ মোট ২৯ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে সাত দিন পড়েছে শুক্র ও শনিবারে। ফলে সাপ্তাহিক ছুটি বাদ দিলে সরকারি চাকরিজীবীরা কার্যত ২২ দিন ছুটি ভোগ করতে পারবেন।

ছুটির তালিকায় ঈদুল ফিতর ও ঈদুল আজহার জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটির পাশাপাশি ঈদের আগে দুই দিন ও পরে দুই দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। সব মিলিয়ে এ উপলক্ষে ছুটি পাওয়া যাবে পাঁচ দিন। অন্যদিকে, ঈদুল আজহার দিন সাধারণ ছুটির সঙ্গে আগে দুই দিন ও পরে তিন দিন নির্বাহী আদেশে ছুটি মিলিয়ে মোট ছুটি হবে ছয় দিন।

এর আগে গত ২ নভেম্বর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়।

সাধারণ ছুটি

২০২৭ সালে যেসব দিন সাধারণ ছুটি থাকবে, সেগুলো হলো-

  • ২১ ফেব্রুয়ারি: শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

  • ৫ মার্চ: জুমাতুল বিদা

  • ১০ মার্চ: ঈদুল ফিতর

  • ২৬ মার্চ: স্বাধীনতা ও জাতীয় দিবস

  • ১৩ এপ্রিল: চৈত্র সংক্রান্তি

  • ১ মে: মে দিবস

  • ১৭ মে: ঈদুল আজহা

  • ২০ মে: বুদ্ধপূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা)

  • ৫ আগস্ট: জুলাই গণঅভ্যুত্থান দিবস

  • ১৫ আগস্ট: ঈদে মিলাদুন্নবী (সা.)

  • ২৫ আগস্ট: জন্মাষ্টমী

  • ১০ অক্টোবর: দুর্গাপূজা (বিজয়া দশমী)

  • ৭ নভেম্বর: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

  • ১৬ ডিসেম্বর: বিজয় দিবস

  • ২৫ ডিসেম্বর: যিশু খ্রিষ্টের জন্মদিন (বড়দিন)

নির্বাহী আদেশে সরকারি ছুটি

নির্বাহী আদেশে যেসব দিন ছুটি থাকবে-

  • ২৪ জানুয়ারি: শবেবরাত

  • ৭ মার্চ: শবেকদর

  • ৮ ও ৯ মার্চ এবং ১১ ও ১২ মার্চ: ঈদুল ফিতরের আগে ও পরের ছুটি

  • ১৪ এপ্রিল: বাংলা নববর্ষ

  • ১৫ ও ১৬ মে: ঈদুল আজহার আগের দুই দিন

  • ১৮ থেকে ২০ মে: ঈদুল আজহার পরের তিন দিন

  • ১৬ জুন: আশুরা

  • ৯ অক্টোবর: দুর্গাপূজার মহানবমী

ধর্মীয় উৎসবে ঐচ্ছিক ছুটি

প্রজ্ঞাপনে বিভিন্ন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ঐচ্ছিক ছুটির ব্যবস্থাও রাখা হয়েছে।

মুসলিম পর্ব:

  • ৬ জানুয়ারি: শবে মেরাজ

  • ১৩ মার্চ: ঈদুল ফিতরের পরের তৃতীয় দিন

  • ২১ মে: ঈদুল আজহার পরের চতুর্থ দিন

  • ২৮ জুলাই: আখেরি চাহার শোম্বা

  • ১৩ সেপ্টেম্বর: ফাতেহা-ই-ইয়াজদাহম

  • ২৬ ডিসেম্বর: শবে মেরাজ

হিন্দু পর্ব:

  • ১১ ফেব্রুয়ারি: সরস্বতী পূজা

  • ৬ মার্চ: শিবরাত্রী ব্রত

  • ২২ মার্চ: দোলযাত্রা

  • ৪ এপ্রিল: হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব

  • ৩০ সেপ্টেম্বর: মহালয়া

  • ৭ ও ৮ অক্টোবর: দুর্গাপূজা (সপ্তমী ও অষ্টমী)

  • ১৪ অক্টোবর: লক্ষ্মীপূজা

  • ২৮ অক্টোবর: শ্যামাপূজা

খ্রিস্টান পর্ব:

  • ১ জানুয়ারি: ইংরেজি নববর্ষ

  • ১০ ফেব্রুয়ারি: ভস্ম বুধবার

  • ২৫ মার্চ: পুণ্য বৃহস্পতিবার

  • ২৬ মার্চ: পুণ্য শুক্রবার

  • ২৭ মার্চ: পুণ্য শনিবার

  • ২৮ মার্চ: ইস্টার সানডে

  • ২৪ ও ২৬ ডিসেম্বর: বড়দিনের আগের ও পরের দিন

বৌদ্ধ পর্ব:

  • ২০ ফেব্রুয়ারি: মাঘী পূর্ণিমা

  • ১৩ এপ্রিল: চৈত্র সংক্রান্তি (তিন পার্বত্য জেলা ছাড়া দেশের অন্যান্য অঞ্চলের সংশ্লিষ্ট জনগোষ্ঠীর জন্য)

  • ১৯ ও ২১ মে: বুদ্ধপূর্ণিমার আগের ও পরের দিন

  • ১৮ জুলাই: আষাঢ়ী পূর্ণিমা

  • ১৫ সেপ্টেম্বর: মধু পূর্ণিমা

  • ১৪ অক্টোবর: প্রবারণা পূর্ণিমা

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উৎসব:

পার্বত্য চট্টগ্রাম এবং দেশের অন্যান্য এলাকায় বসবাসকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অন্তর্ভুক্ত সরকারি কর্মচারীদের জন্য ১২ ও ১৫ এপ্রিল বৈসাবি ও সংশ্লিষ্ট সামাজিক উৎসব উপলক্ষে ঐচ্ছিক ছুটি রাখা হয়েছে।

ঐচ্ছিক ছুটি নেওয়ার নিয়ম

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রত্যেক সরকারি কর্মচারী নিজ ধর্ম অনুযায়ী বছরে সর্বোচ্চ তিন দিন ঐচ্ছিক ছুটি নিতে পারবেন। তবে এ জন্য বছরের শুরুতেই যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নিতে হবে।

সাধারণ ছুটি, নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং সাপ্তাহিক ছুটির সঙ্গে সমন্বয় করেও ঐচ্ছিক ছুটি ভোগ করা যাবে।

এ ছাড়া যেসব সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ছুটি নিজস্ব আইন-কানুনে পরিচালিত হয় এবং যেসব প্রতিষ্ঠানকে সরকার অত্যাবশ্যক হিসেবে ঘোষণা করেছে, সেসব প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ জনস্বার্থ বিবেচনায় নিজস্ব বিধিবিধান অনুযায়ী ছুটি নির্ধারণ করবে।