দেশের ১৮টি বিশ্ববিদ্যালয়ে মেধার অবমূল্যায়ন করে কেবল দলীয় পরিচয়ে উপাচার্য (ভিসি) নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। তার দাবি, এই ভিসিদের অনেকেরই এমনকি বিভাগের দায়িত্ব সামলানোরও অভিজ্ঞতা ছিল না।
শনিবার (২২ আগস্ট) সকালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২১তম ব্যাচের ওরিয়েন্টেশন ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিবির সভাপতি বলেন, শুধু দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য মেধার চূড়ান্ত অবমূল্যায়ন করে তাদের ভিসি বানানো হয়েছে। জুলাই আন্দোলনের মূল চেতনাকে তোয়াক্কা না করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দলীয় লোকদের বসানো হচ্ছে। সিটি করপোরেশনগুলোতে পরাজিত প্রার্থীদের পুনর্বাসন করে জনপ্রতিনিধিদের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা চলছে বলেও তিনি দাবি করেন।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পুনর্গঠন ও বিসিএস নিয়োগে দলীয়করণের গুঞ্জন নিয়ে তিনি সরকারকে সতর্ক করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমেই ফ্যাসিবাদের পতন ঘটেছে। পিএসসিতে পুনরায় দলীয়করণের চেষ্টা করা হলে শিক্ষার্থীরা রাজপথে নেমে তা প্রতিহত করবে।
এ ছাড়া ক্যাম্পাসগুলোতে র্যাগিং, সিট দখল ও ভর্তি বাণিজ্য বন্ধের দাবি জানান তিনি। একই সঙ্গে জুলাই-পরবর্তী বাংলাদেশে ছাত্ররাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে ক্যাম্পাসগুলোকে নৈতিক চর্চার কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।


