...|...|...

তথ্যপ্রযুক্তি

হোয়াটসঅ্যাপে অডিও-ভিডিও কলে এসেছে নতুন সুবিধা

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, সন্ধ্যা ৬:১৬ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:০৪
Shares
হোয়াটসঅ্যাপে অডিও-ভিডিও কলে এসেছে নতুন সুবিধা

ছবি: সংগৃহীত

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা নিয়ে এসেছে মেটা। এখন থেকে কম্পিউটারে ডেস্কটপ অ্যাপ ইনস্টল না করেই হোয়াটসঅ্যাপ ওয়েব থেকে সরাসরি অডিও ও ভিডিও কল করা যাবে। নতুন এই সুবিধার পাশাপাশি কলিং অভিজ্ঞতা আরও উন্নত করতে একাধিক ফিচারও চালু করেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মটি।

মঙ্গলবার (২৮ জুলাই) এক ব্লগ পোস্টে হোয়াটসঅ্যাপ জানায়, নতুন আপডেটের ফলে ব্যবহারকারীরা ব্রাউজার থেকেই ব্যক্তিগত ও গ্রুপ দুই ধরনের অডিও-ভিডিও কলে অংশ নিতে পারবেন।

এতদিন কম্পিউটার থেকে কল করতে হলে হোয়াটসঅ্যাপের ডেস্কটপ অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক ছিল। এখন ব্রাউজারে হোয়াটসঅ্যাপ ওয়েব চালালেই এই সুবিধা পাওয়া যাবে।

মেটা বলছে, অন্যের কম্পিউটার ব্যবহার করতে হলে, অফিসের ল্যাপটপে অ্যাপ ইনস্টল করার অনুমতি না থাকলে বা যারা ব্রাউজারে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, তাদের জন্য নতুন সুবিধাটি বিশেষভাবে কার্যকর হবে। 

নতুন আপডেটের সঙ্গে যুক্ত হয়েছে স্ক্রিন শেয়ারিং, কলের সময় রিঅ্যাকশন, কল হিস্ট্রি এবং প্রিয় নম্বরগুলোর জন্য আলাদা ‘কলস’ ট্যাব। ফলে প্রয়োজনীয় কল খুঁজে পাওয়া এবং কল ব্যবস্থাপনা আরও সহজ হবে।

এ ছাড়া চালু হয়েছে ‘কল ট্রান্সফার’ ফিচার। এর মাধ্যমে মোবাইলে চলমান কোনো গ্রুপ কল সহজেই ডেস্কটপ বা অন্য ডিভাইসে স্থানান্তর করা যাবে। এতে কল কেটে পুনরায় যোগ দেওয়ার প্রয়োজন হবে না। গ্রুপ কলকে আরও নিরাপদ করতে যুক্ত হয়েছে ‘ওয়েটিং রুম’ সুবিধা। 

কল লিংক তৈরির সময় ‘রিকোয়্যার অ্যাপ্রুভাল টু জয়েন’ অপশন চালু থাকলে অংশগ্রহণকারীরা প্রথমে ভার্চ্যুয়াল অপেক্ষাকক্ষে থাকবেন। আয়োজকের অনুমোদনের পরই তারা কলে যোগ দিতে পারবেন।