মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকুর ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার পরিচিতজন ও সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় নিজেই তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করেন সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু।
বার্তায় তিনি জানান, কিছুক্ষণ আগে একদল অসাধু চক্র আমার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ আইডিটি নিয়ন্ত্রণহীন (হ্যাক) করে নেয়।
তিনি সাধারণ জনগণ ও পরিচিত মহলকে ওই অ্যাকাউন্ট থেকে পাঠানো যেকোনো ধরনের মেসেজ বা বার্তার বিষয়ে সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
বিশেষ করে তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে কোনো ধরনের টাকা দাবি বা আর্থিক লেনদেনের অনুরোধ করা হলে তাতে সাড়া না দেওয়ার আহ্বান জানান এমপি শওকতুল ইসলাম শকু। অনাকাঙ্ক্ষিত আর্থিক প্রতারণা এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকারও অনুরোধ জানিয়েছেন তিনি।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, জনপ্রতিনিধি ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণার ঘটনা ইদানীং বেড়েছে। এ ধরনের ঝুঁকি এড়াতে হোয়াটসঅ্যাপে Two-Step Verification চালু রাখা এবং অপরিচিত কোনো লিংকে ক্লিক না করার পরামর্শ দিয়েছেন তারা।
এমপির হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর কুলাউড়ার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করে দেখছে বলে জানা গেছে।


