সৌদি প্রো লিগে আবহার বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে আল নাসর। ঘরের মাঠে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। ম্যাচে একটি গোল করে ক্যারিয়ারের মোট গোলসংখ্যা ৯৭৯ এ নিয়ে গেছেন পর্তুগিজ তারকা। ফলে ১ হাজার গোলের মাইলফলক থেকে এখন মাত্র ২১ গোল দূরে তিনি।
বুধবার রাতে আল আউয়াল পার্কে অনুষ্ঠিত ম্যাচে ২২তম মিনিটে গোল করে আল নাসরকে এগিয়ে দেন রোনালদো। অ্যাঞ্জেলোর বাঁকানো ক্রসে লাফিয়ে উঠে হেড করেন তিনি। বল পোস্টে লেগে গোলরক্ষক ডোনোভান লিওনকে পরাস্ত করে জালে যায়।
গোলের পর দ্রুত সমতায় ফেরার চেষ্টা করে আবহা। ২৩তম মিনিটে আলিমামি গোরির শট পোস্টে লেগে ফিরে আসে। এরপর ৩৮তম মিনিটে রোনালদোর আরেকটি শটও পোস্টে বাধা পায়। এক মিনিট পর কর্নার থেকে পাওয়া সুযোগে তার আরেকটি প্রচেষ্টা গোললাইন থেকে ফিরিয়ে দেন লিওন ও আল-ফাহাদ।
দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটে আল হামদানের গোলে ব্যবধান ২-০ করে আল নাসর। তবে ৭৫তম মিনিটে দারুণ এক ফ্রি-কিকে গোল করে আবহাকে ম্যাচে ফেরান নাবিল ফেকির।
শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে আল নাসর। ছয় ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দলটি।


