হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা দেওয়া এবং কর্মকর্তাদের সাথে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
রবিবার (১ নভেম্বর) বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই জামিন আদেশ দেন। আদালতে আসামিপক্ষে জামিন শুনানি পরিচালনা করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এর আগে নিম্ন আদালতে জামিন মেলেনি দেখে হাইকোর্টের শরণাপন্ন হন সাবেক এই এমপি।
এর আগে গত ২৬ অক্টোবর ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৫-এর বিচারক মো. সাদেকীন হাবিব বাপ্পী তার জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন।
উল্লেখ্য, গত ২ অক্টোবর বিকেলে রাজধানী ঢাকার ক্যান্টনমেন্টের ডিওএইচএস এলাকার নিজ বাসা থেকে মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরদিন তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ড শেষে গত ৪ অক্টোবর তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন আদালত।
মামলার বিবরণী সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর বিমানবন্দরের নানা অব্যবস্থাপনা, লাগেজ ট্রলির তীব্র সংকট, লাগেজ পেতে দীর্ঘ সময় বিলম্ব হওয়া এবং জমজমের পানি না পাওয়া নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।


