‘বিএনপিকে ভোট দেওয়া ভুল ছিল’ বলে আটক হওয়া সেই নারী ব্যবসায়ীকে জামিন দিয়েছে আদালত। বুধবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজিদুল ইসলামের আদালত তাকে জামিন দেন।
আটক সাথী আক্তারের (৩০) বিউটি পারলার রয়েছে। নাম সাথী বিউটি পারলার। এই পারলার ভালুকা উপজেলার খাদিজা প্যালেস মার্কেটে অবস্থিত। তিনি স্থানীয় বাসিন্দা আমজাদ আলীর মেয়ে।
এর আগে, ফেসবুকে একটি লাইভ ভিডিও করেন সাথী আক্তার। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, তিনি প্রায় ১৪ বছর ধরে ব্যবসা করছেন। কিন্তু এ বছর একের পর এক চুরির ঘটনায় তিনি আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। গত মাসে তার একটি দোকান থেকে এসির তার চুরি হয়।
গত রবিবার এসে দেখেন, তার দুটি শোরুমের বিদ্যুতের তার এবং একটি শোরুমের এসির তার কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আশপাশের আরও কয়েকটি দোকানের তারও চুরি হয়েছে। একপর্যায়ে বিএনপি সরকারকে ভোট দেওয়ার কথা উল্লেখ করে নিজের সিদ্ধান্ত নিয়ে হতাশা প্রকাশ করেন।
ভিডিওটি ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা তার ব্যবসাপ্রতিষ্ঠান ঘেরাও করে বিচার দাবি করেন। সেখানে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য ইব্রাহিম খলিল।
তিনি বলেন, বিএনপিকে নিয়ে কটূক্তি করায় এলাকার দলীয় নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে ওই নারীকে প্রতিহত করতে চেয়েছিলেন। খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বিএনপির নেতা-কর্মীরা জড়ো হওয়ার পর রবিবার রাত সাড়ে আটটার দিকে পুলিশ সাথী আক্তারকে হেফাজতে নেয়।


