...|...|...

সারাদেশ

৯০ টাকার জেরে কথা কাটাকাটি, প্রাণ গেল দর্জির

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৪৭
Shares
৯০ টাকার জেরে কথা কাটাকাটি, প্রাণ গেল দর্জির

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখায় মাত্র ৯০ টাকা পাওনা নিয়ে কথা কাটাকাটির জেরে রডের আঘাতে আলিফ আহমদ (৫৫) নামে এক দর্জির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার সায়পুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলিফ উপজেলার আতুয়া গ্রামের মৃত ওয়াছির আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সায়পুর এলাকায় আলিফের একটি টেইলার্সের দোকান রয়েছে। তার পাশের দোকানদার ইমাম উদ্দিন আলিফের কাছে ৯০ টাকা পেতেন। ওই টাকা নিয়ে মঙ্গলবার বিকেলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে আলিফ টাকা পরিশোধ করে ফেরার সময় ইমাম তাকে পেছন থেকে রড দিয়ে আঘাত করেন। এতে আলিফ মাটিতে লুটিয়ে পড়েন।

পরে প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির জেরে এক দোকানদারের রডের আঘাতে এক দর্জি নিহত হয়েছেন। লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত দোকানদার পালিয়ে গেছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, নিহতের পরিবার এখনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।