...|...|...

সারাদেশ

হবিগঞ্জে ‘ভুল চিকিৎসায়’ বীর মুক্তিযোদ্ধার মৃত্যু, তদন্ত কমিটি গঠন

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, বিকেল ৫:১৩ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:৩৩
Shares
হবিগঞ্জে ‘ভুল চিকিৎসায়’ বীর মুক্তিযোদ্ধার মৃত্যু, তদন্ত কমিটি গঠন

হবিগঞ্জ শহরের চাঁদের হাসি হাসপাতালে ভুল চিকিৎসায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের আহ্বায়ক, হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি এবং দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়।

ঘটনার পর হাসপাতাল থেকে চিকিৎসক, নার্সসহ অন্যান্য কর্মীরা চলে যান বলে অভিযোগ পাওয়া গেছে।

গোলাম মোস্তফা রফিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে চাঁদের হাসি হাসপাতালের সামনে সাংবাদিক, রাজনৈতিক নেতা-কর্মী, মুক্তিযোদ্ধা, স্বজন এবং প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভিড় জমে। ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়েছে-এমন অভিযোগ ছড়িয়ে পড়লে উপস্থিতদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এ ঘটনায় ভুল চিকিৎসা বা চিকিৎসায় কোনো অবহেলা ছিল কি না, তা তদন্তে হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাসের নেতৃত্বে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

জানা গেছে, কয়েক দিন ধরে অসুস্থতাজনিত কারণে গোলাম মোস্তফা রফিক হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি ছিলেন। সোমবার বিকেলে শারীরিক অবস্থার অবনতি হলে তিনি ব্যক্তিগতভাবে চিকিৎসা নিতে চাঁদের হাসি হাসপাতালে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে স্বজনদের অভিযোগ, ভুল চিকিৎসার কারণেই তার মৃত্যু হয়েছে।

খবর পেয়ে হবিগঞ্জ-৩ আসনের এমপি ও হুইপ জি কে গউছ, জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ, সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস এবং পুলিশ সুপার তারেক মাহমুদসহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা হাসপাতালে ছুটে যান। তারা নিহতের স্বজনদের সান্ত্বনা দেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের জানাজা হবিগঞ্জ কেন্দ্রীয় শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে পানিসম্পদ প্রতিমন্ত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিত থাকার কথা রয়েছে।

হবিগঞ্জ-৩ আসনের এমপি ও হুইপ জি কে গউছ বলেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান। তার মৃত্যুকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা কাম্য নয়। চিকিৎসায় কোনো অবহেলা বা ভুল ছিল কি না, তা তদন্ত কমিটি খতিয়ে দেখবে। তদন্তে কোনো অনিয়ম বা অবহেলার প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।