...|...|...

বিনোদন

হঠাৎ কেন কান্নায় ভেঙে পড়লেন নোরা ফাতেহি?

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, রাত ৯:৫২ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:০৪
Shares
হঠাৎ কেন কান্নায় ভেঙে পড়লেন নোরা ফাতেহি?

ছবি: সংগৃহীত

সুকেশ চন্দ্রশেখরের সাথে নাম জড়িয়ে তৈরি হওয়া বিতর্কের কঠিন সময়ের কথা বলতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অতীতের সেই অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।

২০০ কোটি রুপির তোলাবাজি ও আর্থিক তছরুপের মামলায় জেলবন্দি সুকেশ চন্দ্রশেখরের সাথে নোরার নাম জড়িয়ে পড়ে। অভিনেত্রীর দাবি, এই ঘটনায় তিনি মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। এর প্রভাব পড়ে তার ব্যক্তিগত জীবন ও পেশাগত ক্যারিয়ারেও।

নোরা জানান, বিতর্কের কারণে তাকে একাধিক বিজ্ঞাপন ও প্রচারণামূলক কাজ থেকে বাদ দেওয়া হয়। একের পর এক কাজ হারানোর অভিজ্ঞতা তার জন্য ছিল অত্যন্ত কঠিন।

তিনি বলেন, ওই সময়টা তার জীবনের সবচেয়ে কষ্টকর অধ্যায়গুলোর একটি। পরিবার ও কাছের মানুষরা তাকে চিনলেও, সাধারণ মানুষের একাংশ ছড়িয়ে পড়া গুঞ্জনকে সত্য বলে ধরে নিয়েছিল—যা তাকে আরও বেশি কষ্ট দিয়েছে।

সুকেশের সাথে প্রেমের সম্পর্কের গুঞ্জন নিয়েও কথা বলেন নোরা। তার দাবি, এসব তথ্যের কোনো সত্যতা নেই। সুকেশের পরিবারের একটি অনুষ্ঠানে উপস্থিত থাকা এবং তার কাছ থেকে উপহার নেওয়ার বিষয়েও তিনি জানান, তখন ঘটনার পুরো প্রেক্ষাপট সম্পর্কে তিনি অবগত ছিলেন না।

তদন্তের সময় ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জিজ্ঞাসাবাদের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন নোরা। তার ভাষ্য, প্রায় দুই বছর ধরে চলা সেই সময় ছিল অত্যন্ত ভয়ংকর ও মানসিকভাবে চাপের।

নোরা বলেন, ওই সময়ে তিনি নিজেকে একা ও অসহায় মনে করতেন। মানুষের নানা মন্তব্য ও আচরণ তাকে গভীরভাবে আঘাত করেছিল।

তবে সেই কঠিন সময় পেরিয়ে আবারও কাজে ফিরেছেন নোরা ফাতেহি। বর্তমানে সিনেমা ও অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত এই অভিনেত্রীকে সামনে দেখা যাবে ‘কাঞ্চনা ৪’ সিনেমায়।