নিজ এলাকা টাঙ্গাইল থেকে ক্যাম্পাসে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদ হাসান। তিনি বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (ইএসই) বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। তার সহপাঠীরা বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, মামাতো বোনের বিয়ের দাওয়াত শেষে সিএনজিচালিত অটোরিকশায় করে ক্যাম্পাসে ফেরার পথে একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়। জাহিদ হাসান টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বাসিন্দা ছিলেন।
তার সহপাঠী ও ইএসই বিভাগের শিক্ষার্থী ইরান মিয়া বলেন, ‘জাহিদ আমাদের ব্যাচের সবচেয়ে শান্তশিষ্ট ছেলে। আজ বিকেলেও ঘুরতে বের হওয়ার জন্য তাকে মেসেজ দিয়েছিলাম। সে বলেছিল, ক্যাম্পাসে ফিরছে, অন্যদিন বের হবে। এই কথাই যে আমার বন্ধুর শেষ কথা হবে, কে জানত! তার এমন মৃত্যুতে বিভাগের সবাই আমরা মর্মাহত। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।’

