...|...|...

রাজনীতি

স্থানীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী যেন না থাকে, সতর্ক করলেন তারেক রহমান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, রাত ২:১৩ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:০৯
Shares
স্থানীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী যেন না থাকে, সতর্ক করলেন তারেক রহমান

তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও শক্তিশালী করা এবং জনগণের মধ্যে দলের গ্রহণযোগ্যতা বাড়াতে ভালো কর্মসূচি নিয়ে মাঠে যাওয়ার নির্দেশ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় ঐক্য বজায় রেখে একক প্রার্থীর পক্ষে কাজ করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। কোনো বিদ্রোহী প্রার্থী যাতে নির্বাচনে না থাকে, সে বিষয়েও নেতাকর্মীদের সতর্ক করেছেন বিএনপির চেয়ারম্যান।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টায় বগুড়া জেলা, থানা ও সিটি করপোরেশনের সভাপতি-সাধারণ সম্পাদক এবং জেলার সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকে এসব নির্দেশনা দেন তারেক রহমান। প্রায় আড়াই ঘণ্টা পর রাত সাড়ে ৮টার দিকে বৈঠকটি শেষ হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি জানান।

বৈঠক শেষে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন বলেন, তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করা এবং মানুষের কাছে বিএনপির গ্রহণযোগ্যতা বাড়াতে আরও কার্যকর কর্মসূচি নিয়ে মাঠে যেতে বলেছেন তারেক রহমান।

তিনি জানান, অতীতে নেতাকর্মীরা কতটা অবহেলিত ছিলেন এবং গত ছয় মাসে সরকার কতটা উন্নয়ন করেছে-সেসব বিষয় জনগণের সামনে তুলে ধরার নির্দেশও দিয়েছেন বিএনপির চেয়ারম্যান। দলের মধ্যে কোনো ধরনের সমন্বয়হীনতা থাকলে তা দূর করে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথাও বলেছেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মোশারফ হোসেন বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে একক প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছেন তারেক রহমান। অচিরেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও বৈঠকে জানানো হয়েছে।

বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মাফতুন আহমেদ বলেন, স্থানীয় সরকার নির্বাচন যেকোনো মূল্যে ঐক্যবদ্ধভাবে করতে হবে। কোনো বিদ্রোহী প্রার্থী যাতে না থাকে, সে বিষয়ে দলীয় নেতাদের সতর্ক করা হয়েছে।

বৈঠকে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরার পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি সংকট দ্রুত সমাধানের বিষয়ে জনগণকে আশ্বস্ত করতে নেতাদের নির্দেশ দেওয়া হয়।

মাফতুন আহমেদের ভাষ্য অনুযায়ী, তারেক রহমান বলেছেন, সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে সর্বোচ্চ চেষ্টা করছে। আগের সরকারের ভুল ও ব্যর্থ পদক্ষেপের কারণে এ সংকট তৈরি হয়েছে দাবি করে বর্তমান সরকার তা মোকাবিলায় কাজ করছে বলেও বৈঠকে জানানো হয়। দ্রুত সময়ের মধ্যে সংকটের সমাধান হবে এ বিষয়ে জনগণকে আশ্বস্ত করতে নেতাদের বলা হয়েছে।

তৃণমূল নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে বগুড়ার নেতাদের সঙ্গে এ বৈঠক করেন তারেক রহমান। এর আগে ২০ আগস্ট পাবনা ও চাঁপাইনবাবগঞ্জের নেতাদের সঙ্গে এবং ১৩ আগস্ট রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও মহানগরের নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। এর আগে ২০ জুলাই রংপুর বিভাগের বিভিন্ন জেলার নেতাদের সঙ্গেও বৈঠক করেছিলেন বিএনপির চেয়ারম্যান।