...|...|...

রাজনীতি

আওয়ামী লীগকে যে দোষে বিদায় করেছি, বিএনপিও সেই পথেই যাচ্ছে: গোলাম পরওয়ার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, রাত ১২:২৭ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:৪১
Shares
আওয়ামী লীগকে যে দোষে বিদায় করেছি, বিএনপিও সেই পথেই যাচ্ছে: গোলাম পরওয়ার

আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে চাঁদাবাজি, মাস্তানি, দমন-পীড়ন, লুটপাট ও দলীয়করণের অভিযোগ তুলে আন্দোলন করা হলেও বর্তমান সরকার প্রায় একই পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে খুলনার তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা জামায়াত আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

গোলাম পরওয়ার বলেন, আওয়ামী লীগের যেসব কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্দোলন করে তাদের বিদায় করা হয়েছিল, বর্তমান পরিস্থিতি প্রায় সেই পথেই যাচ্ছে। কৃষক ও ফ্যামিলি কার্ড বিতরণসহ বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধায় দলীয়করণের অভিযোগ তুলে তিনি বিএনপির সমালোচনা করেন।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে চাকরি, ভাতা ও সরকারি সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে দলীয়করণের অভিযোগ ছিল। সেই দলীয়করণের বিরুদ্ধেই বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল রাজপথে আন্দোলন করেছে। অথচ এখন ভিন্নমতের দলগুলোকে বাদ দিয়ে একই ধরনের রাজনীতি করা হচ্ছে।

জামায়াতের এই নেতা জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে নিয়মতান্ত্রিক ও গঠনমূলক আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এ লক্ষ্যে রাজধানী থেকে জেলা ও উপজেলা পর্যায়ে সভা-সমাবেশ, প্রচারণা এবং জনসম্পৃক্ততা বাড়ানো হবে।

আগামী স্থানীয় নির্বাচনেও জামায়াত ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বলে জানান গোলাম পরওয়ার। তিনি বলেন, তেঁতুলিয়া উপজেলাসহ বিভিন্ন স্থানীয় নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্য পদে প্রার্থী দিয়ে বিজয়ের মাধ্যমে জাতীয় নির্বাচনের আফসোস পূরণ করতে চাই।

সমাবেশে খুলনা জেলা ও তেরখাদা উপজেলা জামায়াতের নেতারা বক্তব্য দেন। এতে উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। কর্মী সমাবেশকে কেন্দ্র করে তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।