জামালপুরে স্কুলছাত্র জিহাদ হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থী এবং এলাকাবাসী।
রবিবার (১১ জানুয়ারি) সকালে সদর উপজেলার নারিকেলী এলাকায় জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করে নারিকেলী উচ্চ বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং গহের পাড়ার সর্বস্তরের মানুষ। এতে প্রায় দেড় ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
জানা গেছে, বুধবার (৭ জানুয়ারি) রাতে সদর উপজেলার গহেরপাড়া মসজিদের পাশে জুলহাসের চায়ের দোকানের সামনে মুড়ি মাখা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে জিহাদের পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায় মুন্না ও তার সহযোগীরা। গুরুতর আহত অবস্থায় জিহাদকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জিহাদ পশ্চিম গহেরপাড়া গ্রামের ফিরোজ মিয়ার ছেলে ও নারিকেলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় নিহতের পরিবার থানায় ৩ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।
বিক্ষোভে নিহতের মা বলেন, ‘মুন্না সাইদ আমার ছেলেকে হত্যা করেছে। আমি তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই।’
জিহাদের চাচাতো ভাই সাকিব বলেন, ‘আমার ভাই কোনো অপরাধ করেনি। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা দ্রুত আসামিদের গ্রেফতার ও ন্যায়বিচার চাই।’
খবর পেয়ে জামালপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের পক্ষ থেকে দ্রুত আসামিদের গ্রেফতার ও আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে প্রায় দেড় ঘণ্টা পর বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করে নেন।

