...|...|...

বিশ্ব

সৌদি আরবে সেনা পাঠাবে ফ্রান্স

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:০১ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:০২
Shares
সৌদি আরবে সেনা পাঠাবে ফ্রান্স

ছবি: সংগৃহীত

সৌদি আরবে সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি মিলিশিয়ার হামলার মুখে লোহিত সাগরের তীরবর্তী গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা রক্ষায় সৌদিতে সেনা ও সামরিক সরঞ্জাম পাঠাবে দেশটি। একইসাথে সংঘাতে জড়ানো নয়, বরং স্থাপনার সুরক্ষা নিশ্চিত করাই সেনা মোতায়েনের উদ্দেশ্য বলেও জানিয়েছে প্যারিস।

সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস বলছে, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সৌদিতে সেনা পাঠানোর এই ঘোষণা দেন। ম্যাক্রোঁ জানিয়েছেন, বৃহস্পতিবার দুই দেশের মধ্যে হওয়া এক চুক্তির আওতায় সৌদি আরবের উপকূলীয় শহর ইয়ানবুর জ্বালানি অবকাঠামো সুরক্ষায় ফ্রান্স ‘সেনা, রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা’ পাঠাবে।

সরকারি সম্প্রচারমাধ্যম ফ্রান্স ২-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, কোনো সংঘাতে জড়ানোর জন্য নয়, বরং এই স্থাপনাটি সুরক্ষার জন্য এসব ব্যবস্থা পাঠানো হবে। পরিস্থিতির পরিবর্তন হলে আরও সামরিক সহায়তা দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি ফরাসি এই প্রেসিডেন্ট।

ম্যাক্রোঁ বলেছেন, ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ছয় মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধের মধ্যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের বাজারে গ্যাসের দাম কমানোর জন্য ফ্রান্স যে উদ্যোগগুলো নিচ্ছে, সৌদিতে সামরিক সহায়তা পাঠানোর সিদ্ধান্ত তারই একটি অংশ। এই সংঘাতের কারণে তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমুদ্রপথ হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের মিত্র হুথি মিলিশিয়া সৌদি আরবে বারবার হামলা চালিয়েছে। এতে লোহিত সাগরের বন্দরগুলো থেকে সৌদির তেল রফতানি হুমকির মুখে পড়েছে। দীর্ঘদিনের সংঘাত আবারও যুদ্ধে রূপ নেওয়ার পরই ফরাসি প্রেসিডেন্ট সেনা পাঠানোর এই প্রতিশ্রুতি দিলেন।