চট্টগ্রামের লোহাগাড়ায় একটি মিনিট্রাক থামিয়ে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগ উঠেছে পুলিশের তিন সদস্য ও তাদের কথিত সোর্সদের বিরুদ্ধে। এ ঘটনায় সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) এস এম মাহবুবুল ইসলাম, কনস্টেবল ফয়েজ আহমেদ ও গাজী মো. মহসিনকে থানা থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম পিপিএম স্বাক্ষরিত এক অফিস আদেশে প্রশাসনিক কারণে তাদের সাতকানিয়া থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম একই দিন রাত ১২টার দিকে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত শনিবার (২৪ অক্টোবর) রাতে লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের এম চর হাটসংলগ্ন মাইরগ্গ্যারচর ফকিরহাট এলাকার একটি নির্জন সড়কে এ ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, মোটরসাইকেল দিয়ে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে একটি নীল রঙের মিনিট্রাক থামানো হয়। পরে পুলিশের কথিত সোর্স রবিন ও মোমিনের সহযোগিতায় ট্রাকটি সাতকানিয়ার কেরানীহাট এলাকায় নিয়ে গিয়ে ৩০ হাজার ইয়াবা সরিয়ে নেওয়া হয়।
অনুসন্ধানে জানা গেছে, কক্সবাজারের চকরিয়া থেকে বান্দরবানের লামা হয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিল মিনিট্রাকটি। এতে ৩০ হাজার ইয়াবা ছিল বলে অভিযোগ উঠেছে। ট্রাকটি লোহাগাড়ার পুটিবিলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেল দিয়ে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেটি থামানো হয়।
এরপর ট্রাকচালককে নিয়ন্ত্রণে নিয়ে গাড়িটি বিভিন্ন স্থানে ঘোরানো হয়। একপর্যায়ে ট্রাকটি সাতকানিয়ার কেরানীহাট রেলক্রসিংসংলগ্ন একটি এলপিজি পাম্পের এক পাশে নেওয়া হয়। সেখানে তল্লাশির নামে ট্রাকের চালকের আসনের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ইয়াবাগুলো সরিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।
ট্রাকচালক নাছিরের অভিযোগ, ট্রাকটি থামানোর পর তাকে হাতকড়া পরিয়ে গাড়ি থেকে নামানো হয়। পরে একটি অটোরিকশায় আটকে রাখা অবস্থায় অন্যরা ট্রাকে তল্লাশি চালান। এ সময় তিনটি পোটলায় রাখা ৩০ হাজার ইয়াবা নিয়ে যাওয়া হয় বলে তিনি দাবি করেন।
নাছিরের আরও অভিযোগ, ঘটনার সময় ট্রাকের সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পরে ক্যামেরার মেমোরি কার্ডও ফরম্যাট করে দেওয়া হয়। এতে ঘটনার ভিডিও ফুটেজ সংরক্ষিত ছিল কি না, কিংবা ফুটেজ থেকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য মুছে ফেলা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
ট্রাক থেকে ইয়াবা সরিয়ে নেওয়ার অভিযোগে পুলিশের তিন সদস্যের নাম আসার পর তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। জেলা পুলিশ সুপারের স্বাক্ষরিত অফিস আদেশে এসআই এস এম মাহবুবুল ইসলাম, কনস্টেবল ফয়েজ আহমেদ ও গাজী মো. মহসিনকে সাতকানিয়া থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় কোনো পুলিশ সদস্যের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


