...|...|...

খুলনা

সুন্দরবনে ট্রলারসহ ৫ জেলে অপহরণ

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, রাত ৮:১১ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ২:১২
Shares
সুন্দরবনে ট্রলারসহ ৫ জেলে অপহরণ

সুন্দরবনে ট্রলারসহ ৫ জেলে অপহরণ। ছবি: টাইমস টুডে

বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কারণে সুন্দরবনে আশ্রয় নেওয়া জেলেদের বহরে হানা দিয়ে একটি ফিশিং ট্রলারসহ পাঁচ জেলেকে অপহরণ করেছে বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনী। 

শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালার চর ও নারকেলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

অপহৃত জেলেরা হলেন- শরণখালা উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের জাহাঙ্গীর হাওলাদার (৩৮), শিহাব হাওলাদার (৩৫), সাবির হাওলাদার (৩০), রিপন হাওলাদার (২৮) এবং উত্তর রাজাপুর গ্রামের জাকির হাওলাদার (৪০)।

বন বিভাগ ও জেলেদের মহাজনদের দেওয়া তথ্য অনুযায়ী, বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কারণে সাগর থেকে ফিরে কয়েকটি মাছ ধরার ট্রলার শ্যালার চর এলাকার কালামিয়া ও নারকেলবাড়িয়ায় আশ্রয় নেয়। রাত সাড়ে ৮টার দিকে অস্ত্রধারী বনদস্যুরা সেখানে হানা দেয়। এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে মৎস্য ব্যবসায়ী বাবুল মাঝির একটি ট্রলারসহ তিন জেলেকে এবং অপর দুটি ট্রলার থেকে আরও দুই জেলেকে তুলে নিয়ে যায়। পরে দস্যুরা জেলেদের নিয়ে সুন্দরবনের ভেতরে চলে যায়।

শ্যালার চর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, বৈরী আবহাওয়ার কারণে সাগর থেকে উঠে কয়েকটি ট্রলার শ্যালার চর ও নারকেলবাড়িয়া এলাকায় আশ্রয় নিয়েছিল। রাতে বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর সশস্ত্র সদস্যরা সেখানে হানা দিয়ে পাঁচ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

অপহৃত জেলেদের মহাজন বাবুল মাঝি বলেন, অপহরণের পর এখন পর্যন্ত দস্যুরা কোনো যোগাযোগ করেনি। জেলেদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে, সেটিও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় অপহৃত জেলেদের পরিবারে উৎকণ্ঠা দেখা দিয়েছে।

কোস্ট গার্ড পশ্চিম জোন জানিয়েছে, সুন্দরবনের বিভিন্ন এলাকায় জলদস্যুদের তৎপরতার বিষয়ে তারা সতর্ক রয়েছে। অপহৃত জেলেদের উদ্ধারে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় অভিযান পরিচালনার প্রক্রিয়া চলছে।