...|...|...

সংবাদ

সিরাজগঞ্জে দোকানে হামলার মামলার প্রধান আসামি পুলিশ সদস্য অধরা

সিরাজগঞ্জে দোকানে হামলার মামলার প্রধান আসামি পুলিশ সদস্য অধরা

Times Today
প্রকাশ: ১১ মে ২০২৬, ভোর রাত ৫:১৮ | আপডেট: ৫ আগস্ট ২০২৬, সকাল ৬:১০
Shares
সিরাজগঞ্জে দোকানে হামলার মামলার প্রধান আসামি পুলিশ সদস্য অধরা

 

সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়নের বিয়াড়াঘাট এলাকায় একটি মনোহারী দোকানে হামলা ও ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখমের ঘটনায় দায়ের করা মামলার এক মাস পেরিয়ে গেলেও প্রধান আসামি পুলিশ কনস্টেবল মো. রুবেল এখনো গ্রেফতার হয়নি।  ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত পুলিশ সদস্য হওয়ায় প্রভাব খাটিয়ে তাকে আড়াল করা হচ্ছে এবং মামলা তুলে নিতে চাপও দেওয়া হচ্ছে।

ঘটনাটি ঘটে ৮ ফেব্রুয়ারি সকালে।  অভিযোগ অনুযায়ী জানা গেছে, পূর্ব বিরোধের জেরে গাজীপুর হাইওয়ে থানায় কর্মরত কনস্টেবল রুবেল কয়েকজন সহযোগীকে নিয়ে দোকানে ঢুকে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে হামলা চালান।  এতে ব্যবসায়ী মো. বাবলু মন্ডল মাথায় কোপ খেয়ে গুরুতর আহত হন।  তার ভাই মো. হযরত মন্ডলের হাত ভেঙে যায় এবং পরিবারের আরও কয়েকজন আহত হন।  তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগীদের দাবি, দোকানের সিসিটিভি ফুটেজে হামলার দৃশ্য স্পষ্টভাবে ধরা পড়লেও এখনো মূল আসামিকে গ্রেফতার করা হয়নি।  এতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

অন্যদিকে অভিযুক্ত রুবেলের পরিবারের দাবি, ঘটনার আগের দিন ও ঘটনার দিন সকালে তাদের স্বজনদের মারধর করা হয়; এর জেরেই পাল্টাপাল্টি সংঘর্ষ হয়।

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান বলেন, মামলাটি তদন্তাধীন—আসামি যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।  মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. মামুন ইমতিয়াজ জানান, দুই পক্ষের তিনটি মামলা রেকর্ড হয়েছে।  রুবেল ছাড়া অন্য আসামিরা জামিনে রয়েছেন।  রুবেলকে গ্রেফতারে তার কর্মস্থলে বার্তা পাঠানো হয়েছে এবং দ্রুত তাকে আইনের আওতায় আনা হবে।