...|...|...

বিনোদন

সালমান খান ও তার বোনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৬ আগস্ট ২০২৬, দুপুর ১২:১৭ | আপডেট: ২০ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৭:৪৩
Shares
সালমান খান ও তার বোনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

বলিউড সুপারস্টার সালমান খান ও তার বোন আলভিরা খান। ছবি: সংগৃহীত

ভারতের চণ্ডীগড়ের একটি জেলা আদালত সালমান খান, তার বোন আলভিরা খান অগ্নিহোত্রী এবং ‘স্টাইল অ্যান্ড কনটেন্ট জুয়েলারি প্রাইভেট লিমিটেড’-এর পরিচালকদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে।

সালমান খানের ব্র্যান্ড ‘বিইং হিউম্যান’-এর একটি জুয়েলারি শোরুমকে কেন্দ্র করে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে এই নির্দেশ এসেছে।

বুধবার (৫ অক্টোবর) সালমান খানসহ মামলার সব অভিযুক্তকে স্বশরীরে আদালতে হাজির হয়ে অভিযোগের জবাব দিতে বলা হয়েছে। মামলার সূত্রপাত চণ্ডীগড়-ভিত্তিক ব্যবসায়ী অরুণ গুপ্তের দায়ের করা এক অভিযোগ থেকে।

তার দাবি, ‘বিইং হিউম্যান’ ব্র্যান্ডের জুয়েলারি শোরুম খোলার বিনিময়ে তাকে লাভজনক ব্যবসার মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই আশ্বাসে বিশ্বাস করে তিনি চণ্ডীগড়ের মণিমাজরায় শোরুম তৈরিতে ১ কোটি টাকাসহ মোট প্রায় ৩ কোটি টাকা বিনিয়োগ করেন।

অভিযোগে তিনি জানান, চুক্তির সব শর্ত মেনে শোরুম চালুর পরও প্রতিশ্রুত কোনো ব্যবসায়িক সহায়তা কম্পানির কাছ থেকে তিনি পাননি। এমনকি গহনা সরবরাহের দায়িত্বে থাকা মূল কেন্দ্রটি ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে বন্ধ থাকায় তার জুয়েলারির মজুদ ফুরিয়ে যায় এবং তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েন।

অরুণ গুপ্তের দাবি, কম্পানির সাথে যুক্ত ছয়জন ব্যক্তি ভুল তথ্য দিয়ে প্রতারণামূলকভাবে তাকে এই বিনিয়োগে প্ররোচিত করেন।

তবে শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে সংশ্লিষ্ট জুয়েলারি কম্পানিটি। তাদের বক্তব্য, ২০১৮ সালের ওই ব্যবসায়িক চুক্তির সঙ্গে সালমান খানের সরাসরি কোনো সম্পর্ক ছিল না।

২০১৫ সালে ‘সালমান খান ফাউন্ডেশন’ থেকে কেবল ‘বিইং হিউম্যান’ নামটি ব্যবহারের অনুমোদন (লাইসেন্স) নেওয়া হয়েছিল। ফলে গহনা তৈরি, বিপণন ও বিক্রির সব দায়ভার সম্পূর্ণভাবে কম্পানির-এতে সালমান খান বা তার পরিবারের কোনো ভূমিকা নেই বলে দাবি তাদের।

বিষয়টি আমলে নিয়ে আদালত বুধবার শুনানির দিন ধার্য করেছে, যেখানে সব পক্ষকে নিজ নিজ বক্তব্য জমা দিতে হবে।