সাকিব আল হাসান ও তামিম ইকবালের একসময়কার ঘনিষ্ঠ সম্পর্ক পরবর্তী সময়ে দূরত্বে রূপ নেয়। তাদের সেই সম্পর্কের অবনতি নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা রয়েছে। তবে সাবেক টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের দাবি, ব্যক্তিগত দূরত্ব থাকলেও এর প্রভাব দলের পারফরম্যান্সে পড়েনি।
ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম বিডিক্রিকটাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব-তামিমের সম্পর্ক ও ২০২৩ বিশ্বকাপের সময়কার পরিস্থিতি নিয়ে কথা বলেছেন সুজন। তিনি জানান, দুজনের সম্পর্ক আগের মতো নেই এটা প্রথম জানতে পেরে তিনি নিজেই তাদের সাথে বসেছিলেন। সুজন বলেন, ‘এটা প্রথমে আসলে বুঝতে পারতাম না। আমরা যতটা চিনি ওরা বেস্ট ফ্রেন্ড। সবসময় একসাথে থাকা, আড্ডা, গল্পগুজব করা।’
দুজনের দূরত্বের বিষয়টি জানার পর তাদের সাথে আলোচনায় বসার কথাও জানিয়েছেন সুজন। তিনি বলেন, ‘একদিন আমি তাদের দুজনের সাথেই বসলাম। তখন শুনলাম ওদের মধ্যে… এটা ওদের পারসনাল লাইফ হতে পারে। তবে দুজনকেই অনুরোধ করেছিলাম, দল ও দেশের স্বার্থে এটা যেন বাইরে না যায়।’
তবে জাতীয় দলের দুই তারকার ব্যক্তিগত বিষয়ে জোর করে হস্তক্ষেপ করার সুযোগ ছিল না বলে মনে করেন সুজন। তার ভাষায়, ‘ওরা তো বাচ্চা না। কেউ কাউকে এভয়েড করলে আমি তো জোর করতে পারব না। অনূর্ধ্ব-১৮ দলের বাচ্চাদের বলতে পারি এটা করো, ওটা করো না। জাতীয় দলের হয়ে খেলছে, এত বড়, তাদের তো এসব বলা যায় না।’
২০২৩ বিশ্বকাপের আগে সাকিবের কিছু মন্তব্য দলকে অস্বস্তিতে ফেলেছিল বলেও জানান সাবেক এই অধিনায়ক। তিনি বলেন, ‘২০২৩ বিশ্বকাপের আগে সাকিব প্রথম যখন কথাটা বলল, একটু মনে হয় ইয়ে ছিল। পাবলিকলি বলা… ড্রেসিংরুমের কথা কেন বাইরে যাবে? এটা আমার একদম পছন্দ না। ড্রেসিংরুম আমার জন্য পরিবার। সেখানকার কথা হলো পারিবারিক কথা। ঐ ঘটনায় শুরুতে সবাই কিঞ্চিৎ…।’
তবে বিশ্বকাপের সময় বিষয়টি নিয়ে আর আলোচনা না করার সিদ্ধান্ত নিয়েছিলেন সুজন। তিনি বলেন, ‘ট্যুরে যাওয়ার পর এই কথাই তুলিনি। আমি বলেছিলাম, এটা নিয়ে যেন কোনো কথা না ওঠে। দলে সাকিবের ভক্ত থাকতেই পারে, তামিমের ভক্ত থাকতেই পারে। তবে পেশাদারিত্ব এসবের অনেক ওপরে। যতই ফ্যান হন, আপনি পারফর্ম না করলে সাকিব-তামিম আপনাকে দলে জায়গা দিতে পারবে না।’
সবশেষে সাকিব-তামিম দুজনের বক্তব্যের সাথে একমত পোষণ করে সুজন বলেন, তাদের ব্যক্তিগত দূরত্বের কারণে দলের ফল খারাপ হয়নি। তার ভাষায়, ‘তবে সাকিব-তামিমের সাথে আমি এক জায়গায় একমত, তাদের দূরত্বের কারণে দলের রেজাল্ট খারাপ হয়নি। দিনশেষে সবাই চায় পারফর্ম করতে। এটা পাড়ার দল না যে রাগ করে বলবে আজ ব্যাটিং করব না। এটা আপনার রুটি রুজি, সম্মান, গৌরব। পারফর্ম করতেই হবে। এখানে কোনো ছাড় ছিল না।’


