রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের হুমকি দেওয়ার অভিযোগ তুলে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী। একইসাথে কোনো সাংবাদিক হুমকি বা অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হলে প্রচলিত আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন তিনি।
বুধবার (২৯ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে লাইব্রেরিতে হামলার প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
সুলতান আহমেদ রাহী বলেন, অতীতেও সংবাদমাধ্যমের ওপর হামলার ঘটনা ঘটেছে। তাই সাংবাদিকদের নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকা প্রয়োজন। কোনো সাংবাদিক যদি হুমকি বা অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হন, তাহলে প্রচলিত আইনের আশ্রয় নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত।
তিনি আরও বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ বজায় রাখতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পাশে থাকবে। একইসাথে ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় তিনি দাবি করেন, সাংবাদিকদের ভয়ভীতি দেখিয়ে সত্য প্রকাশে বাধা দেওয়ার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন।


