জাতীয় বেতন স্কেল ২০২৬-এর আলোকে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যদের জন্য নতুন বেতন কাঠামো প্রকাশ করেছে সরকার। এতে তিন বাহিনীর প্রধানদের সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার টাকা। অন্যদিকে সৈনিক, নাবিক ও বিমানবাহিনীর রিক্রুটদের প্রারম্ভিক মূল বেতন রাখা হয়েছে ২১ হাজার ৪০০ টাকা।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত যৌথ বাহিনী নির্দেশাবলিতে কমিশন্ড অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও), সৈনিক, নাবিক, বিমানসেনাসহ বিভিন্ন পদমর্যাদার সদস্যদের মূল বেতন, ভাতা এবং অবসরকালীন সুযোগ-সুবিধার বিস্তারিত তুলে ধরা হয়েছে।
বাহিনীপ্রধান থেকে শীর্ষ কর্মকর্তাদের বেতন
নতুন বেতন কাঠামোতে সেনাবাহিনীপ্রধান, নৌবাহিনীপ্রধান ও বিমানবাহিনীপ্রধানের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার টাকা। লেফটেন্যান্ট জেনারেল, ভাইস অ্যাডমিরাল ও এয়ার মার্শাল পদে বেতন ১ লাখ ৬৪ হাজার টাকা। মেজর জেনারেল, রিয়ার অ্যাডমিরাল ও এয়ার ভাইস মার্শাল পদে মূল বেতন হবে ১ লাখ ৫৬ হাজার টাকা।
কমিশন্ড অফিসারদের মধ্যে সেকেন্ড লেফটেন্যান্টের মূল বেতন ৪৬ হাজার ২০০ থেকে ৪৮ হাজার ৬০০ টাকা, লেফটেন্যান্টের ৪৮ হাজার ৩০০ থেকে ৫৮ হাজার ৮০০ টাকা, ক্যাপ্টেনের ৫৮ হাজার থেকে ৯০ হাজার টাকা এবং মেজরের ৮৬ হাজার থেকে ১ লাখ ৩৯ হাজার ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া লেফটেন্যান্ট কর্নেলের মূল বেতন ১ লাখ থেকে ১ লাখ ৪২ হাজার ৪০০ টাকা, কর্নেলের ১ লাখ ১৩ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা এবং ব্রিগেডিয়ার জেনারেলের ১ লাখ ৩২ হাজার থেকে ১ লাখ ৫৩ হাজার টাকা করা হয়েছে।
জেসিও ও অন্যান্য পদে নতুন বেতন
নতুন কাঠামো অনুযায়ী, মাস্টার ওয়ারেন্ট অফিসারের মূল বেতন ৪৫ হাজার থেকে ১ লাখ ৬ হাজার ২০০ টাকা। সিনিয়র ওয়ারেন্ট অফিসারের বেতন ৪৪ হাজার ৫০০ থেকে ১ লাখ ১ হাজার ২০০ টাকা এবং ওয়ারেন্ট অফিসারের ৪৪ হাজার থেকে ৯৬ হাজার ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যান্য পদে সার্জেন্টের মূল বেতন ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা, করপোরালের ২৪ হাজার থেকে ৫৮ হাজার টাকা এবং ল্যান্স করপোরালের ২৩ হাজার ৫০০ থেকে ৫৬ হাজার ৮০০ টাকা।
সৈনিকদের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা। আর রিক্রুটদের প্রারম্ভিক মূল বেতন ২১ হাজার ৪০০ টাকা।
তিন বাহিনীর পৃথক বেতন কাঠামো
সেনাবাহিনীতে সেনাপ্রধানের মূল বেতন ১ লাখ ৭২ হাজার টাকা। লেফটেন্যান্ট জেনারেল ১ লাখ ৬৪ হাজার, মেজর জেনারেল ১ লাখ ৫৬ হাজার, ব্রিগেডিয়ার জেনারেল ১ লাখ ৩২ হাজার থেকে ১ লাখ ৫৩ হাজার এবং কর্নেল ১ লাখ ১৩ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা পাবেন। অফিসার ক্যাডেটের নির্ধারিত মূল বেতন ২৩ হাজার টাকা।
নৌবাহিনীতে নৌবাহিনীপ্রধানের মূল বেতন ১ লাখ ৭২ হাজার টাকা। ভাইস অ্যাডমিরাল ১ লাখ ৬৪ হাজার, রিয়ার অ্যাডমিরাল ১ লাখ ৫৬ হাজার, কমডোর ১ লাখ ৩২ হাজার থেকে ১ লাখ ৫৩ হাজার এবং ক্যাপ্টেন ১ লাখ ১৩ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা পাবেন। মাস্টার চিফ পেটি অফিসারের বেতন ৪৫ হাজার থেকে ১ লাখ ৬ হাজার ২০০ টাকা। নাবিকদের মূল বেতন ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা এবং রিক্রুটদের ২১ হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিমানবাহিনীতে বিমানবাহিনীপ্রধানের মূল বেতন ১ লাখ ৭২ হাজার টাকা। এয়ার মার্শাল ১ লাখ ৬৪ হাজার, এয়ার ভাইস মার্শাল ১ লাখ ৫৬ হাজার, এয়ার কমডোর ১ লাখ ৩২ হাজার থেকে ১ লাখ ৫৩ হাজার এবং গ্রুপ ক্যাপ্টেন ১ লাখ ১৩ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা পাবেন। সার্জেন্টের বেতন ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা। এ ছাড়া এসি-১ পদের বেতন ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা এবং রিক্রুট বা এসি-২ পদের নির্ধারিত বেতন ২১ হাজার ৪০০ টাকা।
সশস্ত্র বাহিনীর নার্সিং সার্ভিসের সদস্যদের জন্যও পৃথক বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে।
এতে কর্নেলের মূল বেতন ১ লাখ থেকে ১ লাখ ২৭ হাজার ৩০০ টাকা, লেফটেন্যান্ট কর্নেলের ৮৬ হাজার ৩০০ থেকে ১ লাখ ২২ হাজার ৫০০ টাকা, মেজরের ৫৮ হাজার থেকে ১ লাখ ৯ হাজার ৪০০ টাকা এবং ক্যাপ্টেনের ৪৮ হাজার ৩০০ থেকে ৭৭ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। লেফটেন্যান্টের বেতন ৪৬ হাজার ২০০ থেকে ৫৯ হাজার টাকা। অন্যদিকে এএফএনএস ক্যাডেটের নির্ধারিত মূল বেতন ২২ হাজার ৪০০ টাকা।
তিন ধাপে কার্যকর হবে নতুন বেতন
নতুন বেতন কাঠামো একবারে পুরোপুরি বাস্তবায়ন করা হচ্ছে না। তিন ধাপে এটি কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বাহিনীপ্রধান থেকে ওয়ারেন্ট অফিসার পদ পর্যন্ত সদস্যরা নতুন মূল বেতনের ৪০ শতাংশ এবং সার্জেন্ট থেকে রিক্রুট পর্যন্ত সদস্যরা ৫০ শতাংশ পাবেন।
দ্বিতীয় ধাপে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত প্রথম শ্রেণির পদে নতুন মূল বেতনের ৭০ শতাংশ এবং অন্যান্য পদে ৭৫ শতাংশ কার্যকর হবে।
পরবর্তী সময়ে ২০২৭ সালের ১ জুলাই থেকে সব সদস্য শতভাগ নতুন মূল বেতন পাবেন। তবে বেতন-ভাতার অন্যান্য সুযোগ-সুবিধা পুরোপুরি কার্যকর হবে ২০২৮ সালের জানুয়ারি থেকে।
যেসব ভাতা ও নতুন সুবিধা যুক্ত হচ্ছে
মূল বেতনের পাশাপাশি সশস্ত্র বাহিনীর সদস্যদের বিভিন্ন ভাতাও নির্ধারণ করা হয়েছে। নতুন কাঠামোতে জেনারেল পর্যায়ে প্রতিরক্ষা সার্ভিস ভাতা ৭ হাজার ২০০ টাকা, কিট ভাতা ১ হাজার ৩২০ টাকা, ব্যাটম্যান ভাতা ১ হাজার ২০০ টাকা এবং ডিস্টারব্যান্স ভাতা ২ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ঝুঁকি ভাতা হিসেবে দৈনিক ১২১ টাকা দেওয়া হবে।
পাহাড়ি ও হাওর এলাকায় কর্মরত সদস্যরা মূল বেতনের ২০ শতাংশ হারে বিশেষ ভাতা পাবেন। তবে এ ক্ষেত্রে সর্বোচ্চ ভাতার পরিমাণ হবে ৫ হাজার টাকা।
এ ছাড়া মেজর ও তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তারা মাসিক ৫০০ টাকা এবং ক্যাপ্টেন ও এর নিচের পদমর্যাদার সদস্যরা ১৫০ টাকা করে মোবাইল ভাতা পাবেন।
প্রতিবন্ধী সন্তানের চিকিৎসার জন্যও বিশেষ সুবিধা রাখা হয়েছে। এ সুবিধার আওতায় সর্বোচ্চ দুই সন্তানের প্রত্যেকের জন্য মাসে ৩ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে।
নতুন এই বেতন কাঠামোর ফলে সশস্ত্র বাহিনীর বিভিন্ন পদমর্যাদার সদস্যদের মূল বেতন ও ভাতায় পরিবর্তন আসছে। পাশাপাশি ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে ২০২৭ সালের জুলাই থেকে পূর্ণাঙ্গ নতুন মূল বেতন কার্যকর হওয়ার কথা রয়েছে।



