...|...|...

জাতীয়

শেখ হাসিনার বিচার নিয়ে বাইরের হস্তক্ষেপ মানবে না সরকার: ডা. জাহেদ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, দুপুর ১:৪০ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৬, দুপুর ১:৪২
Shares
শেখ হাসিনার বিচার নিয়ে বাইরের হস্তক্ষেপ মানবে না সরকার: ডা. জাহেদ

ডা. জাহেদ উর রহমান। ছবি : সংগৃহীত

শেখ হাসিনার বিচার বাংলাদেশের আইন অনুযায়ীই হবে। এ বিষয়ে ভারত বা অন্য কোনো দেশের কথা বলার সুযোগ নেই। সরকারকে অন্যায় চাপ প্রয়োগ করে কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য করার দিন শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশের একজন আসামির বিষয়ে সিদ্ধান্ত দেশের আইন অনুযায়ীই নেওয়া হবে। এ নিয়ে ভারত বা অন্য কোনো দেশ কথা বলতে পারে না। তারা এমন কোনো কথা বলবে বলেও তিনি মনে করেন না। এ বিষয়ে সরকার কোনো চাপের মধ্যে নেই।

এদিকে দেশে সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ উদ্যোগের অংশ হিসেবে আগামী জানুয়ারিতে সার্কভুক্ত দেশগুলোকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানান তথ্য উপদেষ্টা।

তিনি বলেন, সাংস্কৃতিক কার্যক্রম বাড়ালে বিনোদনের পাশাপাশি তরুণ প্রজন্মের বিপথে যাওয়ার প্রবণতা থেকেও তাদের ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করে সরকার।

২০২৭ সালের হজ চুক্তি সৌদি আরবের সাথে সম্পন্ন হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী বছর বাংলাদেশ থেকে ৮৩ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন।

গঙ্গা পানি চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে উল্লেখ করে ডা. জাহেদ উর রহমান বলেন, চুক্তির পরবর্তী অবস্থা নিয়ে নতুন কোনো তথ্য নেই। বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করা হয়েছে। এ বিষয়ে কী চাওয়া হবে এবং কীভাবে তা উপস্থাপন করা হবে, যথাসময়ে গণমাধ্যমকে জানানো হবে।

প্রধানমন্ত্রীর ভারত সফরের সাথে গঙ্গা পানি চুক্তি নিয়ে আলোচনা বা সমঝোতার সরাসরি কোনো সম্পর্ক নেই বলেও জানান তিনি। তার ভাষ্য, দুই প্রধানমন্ত্রী বৈঠকে বসলে যেকোনো চুক্তি সই হতে পারে। তবে এ ধরনের চুক্তির বিষয়গুলো সাধারণত অনেক আগেই চূড়ান্ত করা হয়ে থাকে।

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটির নামে সাধারণ মিছিল করাও বেআইনি বলে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, এসব কর্মসূচিতে নৃশংসতা ও সহিংসতার চিত্র দেখা গেছে। সরকার এ ধরনের ঘটনা কোনোভাবেই সহ্য করবে না। তবে পুলিশ এমনভাবে অভিযান পরিচালনা করবে, যাতে তা কার্যকর হওয়ার পাশাপাশি বলপ্রয়োগের মাত্রাও আনুপাতিক থাকে। সহিংসতার ঘটনায় যাদের ছবি দেখা গেছে, তাদের বিচারের মুখোমুখি হতে হবে।

তিনি আরও বলেন, পলাতক আওয়ামী লীগের উসকানিতে যারা কর্মসূচি পালন করছে, তারা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছে। কারণ, এসব কর্মকাণ্ড ফৌজদারি অপরাধ। এর জন্য তাদের মাশুল দিতে হবে। তবে আওয়ামী লীগের কর্মসূচি আহ্বান করলেই যে কোথাও কোনো ঘটনা ঘটবে, তা নয়। সারা দেশে এ নিয়ে তেমন কোনো সমস্যা হচ্ছে না।

সরকারি কর্মকর্তাদের বদলির বিষয়ে তিনি বলেন, আরও দক্ষ ব্যক্তিদের দায়িত্ব দেওয়ার লক্ষ্যেই এ বদলি করা হচ্ছে।

গোপালগঞ্জের পরিস্থিতি মোকাবিলায় সরকারের পদক্ষেপ প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, সরকার যেভাবে পরিস্থিতি সামাল দিচ্ছে, তা প্রশংসা পাচ্ছে। প্রথম দিন পরিস্থিতি এমন ছিল যে, বেশি বলপ্রয়োগের প্রয়োজন হতো। তবে পরবর্তী সময়ে যেভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে, তা সঠিক ছিল এবং এটি সরকারের কৌশলের অংশ।

আওয়ামী লীগের সাথে সরকারি কর্মচারীদের সম্পৃক্ততার বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, দীর্ঘদিন দলটি ক্ষমতায় থাকায় অনেক মানুষ এর সাথে যুক্ত ছিলেন এবং এখনো আছেন। তবে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দায়িত্ব পালনকালে দলীয় সম্পৃক্ততা গুরুতর বিষয়। চিহ্নিত আওয়ামী লীগ নেতা-কর্মী কিংবা সরকারি কর্মচারীর পোশাকে যারা দলটির সাথে যুক্ত, তাদের ওপর সরকারের সর্বোচ্চ নজরদারি রয়েছে।