...|...|...

রাজনীতি

সরকারকে চরমোনাই পীরের ৬ পরামর্শ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৭:৫৩ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:০৯
Shares
সরকারকে চরমোনাই পীরের ৬ পরামর্শ

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত বিএনপি নেতৃত্বাধীন সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে সরকারের প্রতি ছয়টি পরামর্শ দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।

সোমবার (১৭ আগস্ট) দেওয়া এক বিবৃতিতে তিনি এসব পরামর্শ তুলে ধরেন। তার দেওয়া পরামর্শগুলোর মধ্যে রয়েছে—জুলাই সনদ ও জুলাই গণভোট বাস্তবায়ন, দুর্নীতি নিয়ন্ত্রণ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো, গণহারে দলীয়করণ বন্ধ রাখা, ফ্যাসিবাদের সাথে জড়িতদের বিচারের আওতায় আনা এবং পাচার করা অর্থ উদ্ধারে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করা।

বিবৃতিতে চরমোনাই পীর বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও এর মাধ্যমে গঠিত সরকার দেশের প্রচলিত ধারার কোনো নির্বাচন বা সরকার নয়। স্বাধীনতার ৫৪ বছরে রাষ্ট্রের বিভিন্ন স্তরে জমে থাকা সংকট দূর করার প্রত্যাশা থেকেই এই সরকারের জন্ম হয়েছে। তবে পরিবর্তনের সেই প্রত্যাশা ও বাস্তব প্রাপ্তির মধ্যে এখনো বড় ব্যবধান রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের পর দায়িত্ব নেওয়া একটি সরকারের মূল্যায়নের জন্য ছয় মাস হয়তো চূড়ান্ত সময় নয়, তবে এই সময় কমও নয়। সরকারের কাজের সূচনা ও পদ্ধতি দেখে ভবিষ্যৎ সম্পর্কে ধারণা পাওয়া যায়। বিশেষ করে সংস্কার কার্যক্রমে সরকারের অবস্থান জনগণের মধ্যে হতাশা তৈরি করেছে।

চরমোনাই পীর অভিযোগ করেন, জুলাই সনদের ওপর অনুষ্ঠিত গণভোটের কার্যকারিতা নষ্ট করা হয়েছে। রাষ্ট্রকে স্বৈরাচারী হয়ে ওঠা থেকে রক্ষার উদ্দেশ্যে নেওয়া কিছু উদ্যোগ বাতিল করা হয়েছে বলেও তিনি দাবি করেন। তার মতে, এসব পদক্ষেপ জুলাইয়ের গণআন্দোলনে অংশ নেওয়া সাধারণ মানুষের প্রত্যাশার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।

তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশাকে উপেক্ষা করার পরিণতি ভালো হয় না। এতে মানুষ সরাসরি আন্দোলনে না নামলেও রাজনৈতিক নেতৃত্বের প্রতি আস্থা হারাতে পারে।

তবে সরকারের কিছু উদ্যোগের প্রশংসাও করেন ইসলামী আন্দোলনের এই নেতা। তিনি বলেন, কোনো কোনো ক্ষেত্রে সরকারের প্রচেষ্টা প্রশংসনীয়। বিশেষ করে সরকারপ্রধানের দৃশ্যমান কর্মকাণ্ড ও সক্রিয়তা ইতিবাচক বার্তা দিচ্ছে। সরকারের অন্যান্য সদস্যদের কাছ থেকেও একই ধরনের ভূমিকা প্রত্যাশা করেন তিনি।

সরকারের প্রতি দেওয়া ছয় পরামর্শে চরমোনাই পীর বলেন—জুলাই সনদ ও জুলাই গণভোট বাস্তবায়ন করতে হবে, দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে কার্যকর ব্যবস্থা নিতে হবে, গণহারে দলীয়করণ থেকে বিরত থাকতে হবে, ফ্যাসিবাদের সাথে জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে এবং বিদেশে পাচার করা অর্থ উদ্ধারে দৃশ্যমান অগ্রগতি দেখাতে হবে।

বিবৃতির শেষাংশে তিনি বলেন, “আমরাও চাই এই সরকার সফল হোক।”