চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব-২০২৬ এর ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। শনিবার (৪ জুলাই) বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, সরকার দেশের ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজাতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তরুণরা যাতে খেলাধুলাকে পেশা হিসেবে বেছে নিতে পারে, সে লক্ষ্যেই ক্রীড়া কার্ড চালুসহ তৃণমূল পর্যায়ে খেলোয়াড় তৈরির জন্য ‘নতুন কুঁড়ি স্পোর্টস’সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি বলেন, এসব উদ্যোগের ফলে দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা ক্রীড়াঙ্গন আবার প্রাণ ফিরে পাচ্ছে। পাশাপাশি যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
আবুল হাসেম বক্করের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিজেকেএস অ্যাডহক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন। এ সময় ক্রীড়া সংগঠক ও বিভিন্ন ক্রীড়া সংস্থার নেতারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম সিটি করপোরেশন একাদশ ১-০ গোলে চট্টগ্রাম বন্দর ক্রীড়া সমিতি (সাদা) দলকে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করে।

