...|...|...

অর্থনীতি

৭ সেপ্টেম্বর থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত ফেরত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:৪০ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:৩২
Shares
৭ সেপ্টেম্বর থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত ফেরত

ছবি: টাইমস টুডে গ্রাফিক্স

পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি ব্যক্তিগত গ্রাহকদের জন্য স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু করেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে ব্যাংকের শাখা ও উপশাখাগুলোতে আমানতের মূল টাকা উত্তোলনের আবেদন নেওয়া শুরু হয়েছে। আগামী ৭ সেপ্টেম্বর থেকে গ্রাহকদের অর্থ পরিশোধ শুরু করার কথা জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

ব্যাংকটির পক্ষ থেকে জারি করা বিশেষ সার্কুলার অনুযায়ী, ব্যক্তিগত হিসাবধারীরা একবারে তাদের আমানতের সম্পূর্ণ মূল টাকা উত্তোলন বা নগদায়নের জন্য আবেদন করতে পারবেন। এ জন্য প্রয়োজনীয় নগদ অর্থ ব্যবস্থাপনার প্রস্তুতিও নেওয়া হয়েছে।

ব্যাংক খাতসংশ্লিষ্টদের মতে, কার্যক্রম শুরুর পর সম্মিলিত ইসলামী ব্যাংকের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আমানতকারীদের আস্থা পুনর্গঠন করা। নির্ধারিত সময়ে গ্রাহকদের অর্থ পরিশোধ এবং ব্যাংকিং কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করাকে এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তারা।

সম্মিলিত ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার মাইনুল ইসলাম বলেন, ব্যাংকিং কার্যক্রম পুনরায় চালু হওয়া স্বাভাবিক কার্যক্রমে ফেরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি ধাপ। নির্ধারিত সময় অনুযায়ী গ্রাহকদের অর্থ পরিশোধ নিশ্চিত করাই এখন প্রধান অগ্রাধিকার। পাশাপাশি নির্বিঘ্ন লেনদেন, স্বচ্ছতা এবং আমানতকারীদের সাথে নিয়মিত যোগাযোগের মাধ্যমে ব্যাংকের প্রতি আস্থা ফিরিয়ে আনা সম্ভব হবে।

এদিকে ২০২৪ ও ২০২৫ সালের আমানতের মুনাফার একটি অংশ কমিয়ে দেওয়ার যে প্রস্তাব করা হয়েছিল, তা বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে মেয়াদি আমানতের ক্ষেত্রে পূর্বঘোষিত সম্পূর্ণ মুনাফা পাওয়ার সুযোগ থাকছে গ্রাহকদের।

যেসব আমানতকারী তাদের হিসাব চালু রাখবেন, তারা চুক্তিতে উল্লেখিত শর্ত অনুযায়ী নির্ধারিত হারে মুনাফা পেতে থাকবেন।

অন্যদিকে জরুরি প্রয়োজনে যেসব গ্রাহক মেয়াদি আমানত ভাঙিয়ে টাকা নিতে চান, তারা আমানতের সম্পূর্ণ মূল অর্থ উত্তোলন করতে পারবেন। তবে মেয়াদ পূরণের আগে এ অর্থ তুলে নিলে উত্তোলন করা টাকার বিপরীতে কোনো মুনাফা দেওয়া হবে না।

আমানত ফেরত দিতে বিভিন্ন সময়ে সমস্যায় পড়া পাঁচটি ইসলামী ব্যাংক—এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক—একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠন করা হয়েছে।

নতুন ব্যাংকটির কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনার পাশাপাশি আমানতকারীদের অর্থ পরিশোধের মাধ্যমে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনার বিষয়টিকেই এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।