...|...|...

আবহাওয়া

সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ অক্টোবর ২০২৬, বিকেল ৪:২৯ | আপডেট: ৯ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:৪৭
Shares
সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

ছবি: সংগৃহীত

শরৎ ঋতুর শেষ সময়ে এসেও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর মধ্যে শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার মধ্যে দেশের চার জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতরের দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সময়ে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময়ে পাবনার ঈশ্বরদীতে সর্বোচ্চ ৬৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। কুষ্টিয়ার কুমারখালী ও সাতক্ষীরায় ৫৮ মিলিমিটার করে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এ ছাড়া রাজশাহীতে ৪৫ মিলিমিটার, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৪৩ মিলিমিটার, নীলফামারীর রাজারহাট ও মানিকগঞ্জের আরিচায় ২৬ মিলিমিটার এবং রংপুরে ২৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দেশের আরও বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।