জাপানের সনি গ্রুপ এবং তাইওয়ানের টিএসএমসি (TSMC) পরবর্তী প্রজন্মের ইমেজ সেন্সরে ব্যবহৃত মাইক্রোচিপ যৌথভাবে উৎপাদনের জন্য প্রায় ১ ট্রিলিয়ন ইয়েন (৬৩২ কোটি মার্কিন ডলার) বিনিয়োগের পরিকল্পনা করছে বলে জানিয়েছে জাপানি ব্যবসায়িক সংবাদপত্র নিক্কেই এশিয়া। (১ মার্কিন ডলার = ১৫৮.২৭ জাপানি ইয়েন)।
নিক্কেই জানায়, নতুন গঠিত যৌথ উদ্যোগ প্রতিষ্ঠানের প্রায় ৬০ শতাংশ মালিকানা থাকবে সনির এবং ৪০ শতাংশ থাকবে TSMC-এর হাতে।
জাপানের দক্ষিণাঞ্চলীয় কুমামোতো প্রিফেকচারে ২০২৯ সালের মধ্যেই এই প্রকল্পের বাণিজ্যিক উৎপাদন শুরু হতে পারে।
উল্লেখ্য, গত মে মাসে যখন উভয় কোম্পানি প্রাথমিক সমঝোতা স্মারক (MOU) সই করেছিল, তখন বলা হয়েছিল সনিই হবে সংখ্যাগরিষ্ঠ ও নিয়ন্ত্রণকারী শেয়ারহোল্ডার- যা এখনকার ৬০-৪০ অনুপাতের সাথে সামঞ্জস্যপূর্ণ।
প্রতিবেদন অনুযায়ী, কোম্পানি দুটি শীঘ্রই বিনিয়োগ চুক্তি চূড়ান্ত করবে এবং সনির ২০২৬ অর্থবছর শেষ হওয়ার আগেই (অর্থাৎ ২০২৭ সালের মার্চের মধ্যে) যৌথ উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করবে বলে আশা করা হচ্ছে।
নতুন উৎপাদন লাইন ও গবেষণা-উন্নয়ন (R&D) সুবিধা বসানো হবে কুমামোতোর কোশি শহরে অবস্থিত সনি সেমিকন্ডাক্টর সলিউশনসের একটি বিদ্যমান ইমেজ সেন্সর প্ল্যান্টে।
গত মে মাসেই সনি ও TSMC ঘোষণা দিয়েছিল যে, তারা জাপানে একটি যৌথ উদ্যোগ প্রতিষ্ঠা করতে যাচ্ছে, যেখানে পরবর্তী প্রজন্মের ইমেজ সেন্সর উন্নয়ন ও উৎপাদনের জন্য সনির সেন্সর-ডিজাইন দক্ষতা এবং TSMC-এর উৎপাদন ও প্রক্রিয়াগত প্রযুক্তির শক্তিমত্তাকে একত্রিত করা হবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো, এই সেন্সরগুলো অ্যাপলের আইফোনে সরবরাহের জন্য প্রস্তুত করা হবে বলে আশা করা হচ্ছে।
এর পাশাপাশি সনি ও TSMC ‘ফিজিক্যাল এআই’ (physical AI) প্রয়োগেও এই সেন্সরের কার্যক্ষমতা উন্নত করতে চায়-বিশেষ করে অটোমোটিভ ও রোবোটিক্স খাতে, যেখানে এআই সিস্টেম রোবট ও যানবাহন নিয়ন্ত্রণ করবে।
এই বিনিয়োগের আকার বোঝাতে গিয়ে বলা হচ্ছে, প্রস্তাবিত এই বিনিয়োগ সনির সেমিকন্ডাক্টর ব্যবসার প্রায় চার বছরের মূলধন ব্যয়ের সমান। এটি কুমামোতোয় TSMC-এর প্রথম চিপ প্ল্যান্টে করা প্রায় ৮৬০ কোটি ডলারের বিনিয়োগের প্রায় কাছাকাছি একটি অঙ্ক।
সনি বিশ্বের বৃহত্তম ইমেজ সেন্সর প্রস্তুতকারক প্রতিষ্ঠান, যা স্মার্টফোন ও গাড়িতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। বর্তমানে বিশ্বব্যাপী CMOS ইমেজ সেন্সর বাজারের অর্ধেকেরও বেশি সনির দখলে রয়েছে।
অন্যদিকে, TSMC হলো বিশ্বের বৃহত্তম কন্ট্রাক্ট চিপ নির্মাতা প্রতিষ্ঠান। TSMC-এর সাথে এই অংশীদারিত্ব সনিকে তার প্রতিযোগী-বিশেষত স্যামসাং ইলেকট্রনিক্স ও চীনের ওমনিভিশন, যারা এই খাতে বিনিয়োগ বাড়াচ্ছে-তাদের বিরুদ্ধে অবস্থান শক্তিশালী করতে সহায়তা করতে পারে।
সনি ও TSMC জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের (METI) সাথেও সম্ভাব্য সরকারি ভর্তুকি নিয়ে আলোচনা চালাচ্ছে।
এই প্রতিবেদন নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে সনি।



