বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরোধী দল হিসেবে রাজপথে বক্তব্য দেওয়ার মতো কোনো কারণ খুঁজে না পেয়ে এখন ‘সংস্কার’কে সামনে নিয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে মাদারীপুরের ডাসার উপজেলার বিসি কর্ণপাড়া পাকা সেতু থেকে কমলাপুর হাট পর্যন্ত সড়ক উন্নয়নকাজের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খোকন তালুকদার বলেন, বিগত দিনে আপনারা দেখেছেন, পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতির নামে তারা অনেক কথা বলেছেন। নির্বাচনে আসবেন না বলেও বক্তব্য দিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত তারা নির্বাচনে আসছেন।
তিনি বলেন, মাঠে তাদের জনপ্রিয়তা নেই। তাই মুখের কথায় জনপ্রিয়তা অর্জনের চেষ্টা করছে। শুধু কথার বুলি দিয়ে মানুষকে বিভ্রান্ত করে তারা ফায়দা নেওয়ার চেষ্টা করছে।
সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, আইনে কিছু সমাধানের বিষয় রয়েছে। সেই সমাধানের পরই আমরা সংস্কারের কাজ সম্পন্ন করব। প্রধানমন্ত্রী বলেছেন, সংবিধান সংস্কারের যতগুলো ধারা রয়েছে, সেগুলো অক্ষরে অক্ষরে পালন করা হবে। তিনি বিষয়টি জাতির সামনে পরিষ্কারভাবে বলেছেন। এখানে লুকোচুরি করার কিছু নেই।
সড়ক উন্নয়নকাজের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাসার উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম, মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এমারাত হোসেন খান, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য গাউছ-উর রহমান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান তালুকদার, বিএনপি নেতা সালাম খান ও ইরান তালুকদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

