...|...|...

ক্যাম্পাস

আবাসন সংকট নিরসন

শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে ডাকসুর তিন দফা দাবি

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, রাত ৯:৩৩ | আপডেট: ৩০ আগস্ট ২০২৬, রাত ৯:৩৩
Shares
শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে ডাকসুর তিন দফা দাবি

তিন দফা দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন, মানসম্মত সেবা নিশ্চিতকরণ এবং নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে তিন দফা দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ। এসব দাবি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্রুত কার্যকর পদক্ষেপ চেয়েছে সংগঠনটি।

রবিবার এক বিবৃতিতে ডাকসু জানায়, দায়িত্ব গ্রহণের পর থেকেই শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে ধারাবাহিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি তুলে ধরা হয়েছে। শুধু দাবি জানানো নয়, বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা, বিকল্প প্রস্তাব এবং অর্থায়নের ব্যবস্থাও করা হয়েছে। তবে প্রশাসনিক জটিলতা ও সদিচ্ছার অভাবে এসব উদ্যোগ বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ করেছে ডাকসু।

ডাকসুর তিন দফা দাবির মধ্যে রয়েছে—নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করা, মানসম্মত খাবার ও নিরাপদ সুপেয় পানি সরবরাহ এবং দীর্ঘদিনের আবাসন সংকটের স্থায়ী সমাধান।

নিরাপদ ক্যাম্পাসের দাবি

ডাকসু জানিয়েছে, ক্যাম্পাসের নিরাপত্তা বাড়াতে প্রবেশপথে ট্রাফিক পুলিশের মাধ্যমে নিরাপত্তা জোরদার এবং ডিএমপির সহযোগিতায় ১০০ জন ভলেন্টিয়ার নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে প্রশাসনিক সমন্বয়ের অভাবে তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি।

এ ছাড়া ছাত্রী হলগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি গেট স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে। আইডি কার্ড পাঞ্চ, ফিঙ্গারপ্রিন্ট ও ফেস রিকগনিশন প্রযুক্তির মাধ্যমে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা চালুর পরিকল্পনাও করা হয়েছিল বলে জানিয়েছে ডাকসু।

সংগঠনটির দাবি, ছাত্রী হলগুলোতে প্রবেশের সময়সীমা যৌক্তিক করা, নারী শিক্ষার্থীদের রাতের বেলায় হয়রানি বন্ধ, অনাবাসিক শিক্ষার্থীদের নিজ নিজ হলে প্রবেশের সুযোগ এবং অভিভাবকদের ভোগান্তি কমানোর বিষয়েও প্রশাসনের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে।

এ ছাড়া ছাত্রী হলের সামনে নিয়মিত পুলিশ টহল, বহিরাগত নিয়ন্ত্রণ, মাদকসেবী ও ভবঘুরেদের দৌরাত্ম্য বন্ধ এবং ফজলুল হক মুসলিম হল এলাকায় স্থায়ী পুলিশ পোস্ট স্থাপনের দাবিও জানিয়েছে ডাকসু।

মানসম্মত খাবার ও নিরাপদ পানির দাবি

শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত খাবার, নিরাপদ পানি ও উন্নত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার দাবিও জানিয়েছে ডাকসু।

সংগঠনটি বলছে, হল, একাডেমিক ভবন ও টিএসসির ওয়াশরুম নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে ব্যবহারের দাবি জানানো হলেও এখনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

এ ছাড়া শিক্ষার্থীদের স্বল্পমূল্যে খাবার নিশ্চিত করতে টিসিবির পণ্য সরবরাহের জন্য করা সমঝোতা স্মারক কার্যকর রাখা, বিভিন্ন হল ও একাডেমিক ভবনে নতুন ক্যান্টিন চালু এবং বিদ্যমান ক্যান্টিনগুলোর মান উন্নয়নের দাবিও জানিয়েছে ডাকসু।

আবাসন সংকট সমাধানের দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের আবাসন সংকট নিরসনে চলমান ২ হাজার ৮৪১ কোটি টাকার আবাসন প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে ডাকসু।

সংগঠনটির অভিযোগ, প্রকল্পটি পুনর্মূল্যায়নের নামে দীর্ঘসূত্রতার মধ্যে পড়েছে। এতে শিক্ষার্থীরা আবাসন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।

একই সাথে শিক্ষার্থীদের জন্য একটি স্বচ্ছ ও স্থায়ী ‘সিট নীতিমালা’ প্রণয়নের দাবি জানিয়েছে ডাকসু। নিয়মিত শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ এবং ছাত্রত্ব শেষ হওয়ার পর অবৈধভাবে হলে অবস্থান বন্ধের জন্য কার্যকর নীতিমালা প্রয়োজন বলে জানিয়েছে তারা।

উপাচার্যের আশ্বাস, আন্দোলনের ঘোষণা

ডাকসু জানিয়েছে, এসব দাবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে তুলে ধরা হয়েছে। উপাচার্য দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।

তবে দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও প্রশাসনিক জটিলতার কারণে অধিকাংশ বিষয় ঝুলে রয়েছে বলে অভিযোগ করেছে ডাকসু।

এখন শিক্ষার্থীদের সাথে নিয়ে গণসংযোগ এবং শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও যৌক্তিক আন্দোলনের মাধ্যমে দাবিগুলো আদায়ের ঘোষণা দিয়েছে সংগঠনটি। তাদের লক্ষ্য একটি নিরাপদ, সুশৃঙ্খল ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করা।