শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ভালো মানুষ ও কর্মদক্ষ জনশক্তি তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র এবং প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাহ্দী আমিন বলেন, শিক্ষার মূল উদ্দেশ্য দুটি। প্রথমত, শিক্ষার মাধ্যমে মানবিক মূল্যবোধ ও নৈতিকতা সম্পন্ন সুনাগরিক গড়ে তোলা। দ্বিতীয়ত, শিক্ষার্থীদের এমন দক্ষতা ও যোগ্যতা তৈরি করে দেওয়া, যাতে তারা চাকরি কিংবা উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে। অর্থাৎ শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ভালো মানুষ ও কর্মদক্ষ জনশক্তি তৈরি করতে হবে।
প্রধানমন্ত্রীর শিক্ষা পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেওয়ার লক্ষ্য রয়েছে। এর অংশ হিসেবে প্রথম বছরেই বরাদ্দ প্রায় ২ শতাংশে উন্নীত করা হয়েছে। এই অর্থকে ব্যয় হিসেবে না দেখে ভবিষ্যৎ মানবসম্পদ তৈরির বিনিয়োগ হিসেবে বিবেচনা করতে হবে।
তিনি বলেন, সরকার শুধু বড় বড় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ভবন নির্মাণে গুরুত্ব দিতে চায় না। বরং শিক্ষার গুণগত মান বাড়ানো, শিক্ষকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের জন্য ইতিবাচক শিক্ষার পরিবেশ তৈরিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষক ও শিক্ষা কার্যক্রমের সাথে যুক্ত কর্মকর্তাদের পাশে থাকাও এ পরিকল্পনার অংশ।
শিক্ষাক্রমে পরিবর্তন ও দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে মাহ্দী আমিন বলেন, চতুর্থ শ্রেণিতে সংস্কৃতি ও ক্রীড়া এবং ষষ্ঠ শ্রেণিতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও কারিগরি শিক্ষার মতো বিষয় যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে শিল্পপ্রতিষ্ঠানের সাথে শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোগিতা বাড়ানো, পাঠ্যক্রমকে আরও বাস্তবমুখী করা এবং মূল্যায়ন পদ্ধতির উন্নয়নেও কাজ চলছে।
প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের শিক্ষা পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, শিক্ষাকে সাধারণ মানুষের জীবনমান ও ভাগ্য পরিবর্তনের হাতিয়ার হিসেবে দেখেন প্রধানমন্ত্রী। মিড-ডে মিল, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেওয়ার মতো উদ্যোগের কথাও তিনি দীর্ঘদিন ধরে বলে আসছেন। এসব পরিকল্পনা বাস্তবায়নে সরকার কাজ করছে।
শিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রমে গণমাধ্যমের ভূমিকার কথা তুলে ধরে মাহ্দী আমিন বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যম জবাবদিহি নিশ্চিত করার দর্পণ হিসেবে কাজ করে। শিক্ষা মন্ত্রণালয়ের কোনো কাজে ভুলত্রুটি থাকলে সাংবাদিকেরা বস্তুনিষ্ঠ ও যৌক্তিক সমালোচনার মাধ্যমে তা তুলে ধরবেন। একই সাথে ভালো উদ্যোগের মূল্যায়ন ও ইতিবাচক দিকগুলোও সামনে আনবেন বলে তিনি প্রত্যাশা করেন।
সাংবাদিকদের উদ্দেশে তিনি আরও বলেন, শিক্ষা খাতের নীতিনির্ধারণ ও বাস্তবায়নে গণমাধ্যমের কাছ থেকে তথ্য, উপাত্ত ও গঠনমূলক মতামত গুরুত্বপূর্ণ। মন্ত্রণালয়ের কার্যক্রম আরও কার্যকর করতে সাংবাদিকদের সাথে নিয়মিত আলোচনা ও মতবিনিময় অব্যাহত রাখার আগ্রহ রয়েছে।
ইরাবের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে মাহ্দী আমিন বলেন, শিক্ষা খাতের নীতিনির্ধারণ ও বাস্তবায়নে সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিজ্ঞতা ও সহযোগিতা প্রয়োজন। এক্ষেত্রে শিক্ষা সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সরকারও গণমাধ্যমের সাথে আন্তরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করতে চায়।
অনুষ্ঠানে ইরাব সভাপতি মীর মোহাম্মদ জসিম সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।


