...|...|...

খেলা

শরিফুলের বিরল রেকর্ড

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, দুপুর ১২:২০ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, ভোর রাত ৪:২০
Shares
শরিফুলের বিরল রেকর্ড

শরিফুল ইসলাম। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটারদের চরম ব্যর্থতার দিনে একাদশে ফিরেই এক বিরল রেকর্ডের মালিক হলেন পেসার শরিফুল ইসলাম। ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ এরেনায় সিরিজের দ্বিতীয় টেস্টে বল হাতে নেওয়ার আগেই ব্যাটার শরিফুল গড়ে ফেললেন বিরল এক কীর্তি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। ৩৪ ওভারের এই বিপর্যয়ের ইনিংসে ১১ নম্বরে ব্যাট করতে নেমে শরিফুলের ব্যাট থেকেই আসে সর্বোচ্চ ১৪ রান।

অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো টেস্ট ইনিংসে ১১ নম্বরে নেমে কোনো বাংলাদেশি ব্যাটারের সর্বোচ্চ রান করার ঘটনা এটাই প্রথম। টেস্ট ক্রিকেটের ইতিহাসেও এই ঘটনা বিরল—১৩তম বারের মতো ১১ নম্বরে নামা কোনো ব্যাটার নিজের দলের ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন। ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ১২ রান করেন ৯ নম্বরে নামা তাইজুল ইসলাম।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অবশ্য এই অভিজ্ঞতা দ্বিতীয়বারের মতো ঘটল। এর আগে ২০০৪ সালে চট্টগ্রাম টেস্টে ভারতের বিপক্ষে ১১ নম্বরে নেমে সর্বোচ্চ ৩১ রান করেছিলেন তালহা জুবায়ের; সেবার বাংলাদেশ অলআউট হয়েছিল ১২৪ রানে।

ম্যাকাই টেস্টে অবস্থা ছিল আরও করুণ। একপর্যায়ে মাত্র ৩৯ রানে ৯ উইকেট হারিয়ে ফেলেছিল সফরকারীরা। শেষ উইকেটে তাইজুল ও শরিফুলের জুটিতে আসে ২৫ রান, যার সৌজন্যে টেস্টে নিজেদের সর্বনিম্ন রানের লজ্জা থেকে কোনোমতে রক্ষা পায় দল।

টেস্ট ইতিহাসে এটি বাংলাদেশের চতুর্থ সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এই জুটি না হলে ২০১৮ সালে সেন্ট ভিনসেন্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করা ৪৩ রানের সর্বকালের সর্বনিম্ন রেকর্ড ভাঙার ঝুঁকিতে ছিল বাংলাদেশ।