জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজশাহীর বেশ কয়েকটি এলাকায় প্রায় সাড়ে ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৭টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ বিদ্যুৎ বিভ্রাট হতে পারে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর দফতর থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ কেভি বিদ্যুৎ লাইনের আশপাশে থাকা গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজ করা হবে। এ কারণে শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার সম্ভাব্য এলাকাগুলো হলো-তালাইমারী, মতিহার, ধরমপুর, ফুলতলা, সোরাফানের মোড়, কাজলা, বিনোদপুর, মির্জাপুর, মকবুল হাওলাদারের মোড়, মাছোপাড়া, বেলদারপাড়া, ঢাকা বাসস্ট্যান্ড, বটতলা ও আশপাশের এলাকা।
নেসকো জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে অপেক্ষা না করে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের রক্ষণাবেক্ষণ কাজ প্রয়োজন হওয়ায় সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নেসকো রাজশাহী কর্তৃপক্ষ।


