লিবিয়ায় ইউরোপ থেকে পাচার হয়ে আসা হাজার হাজার এক্সট্যাসি বা ইয়াবা ট্যাবলেটের একটি বিশাল চালান জব্দ করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। বিশেষত্ব হলো, এই ইয়াবাগুলোর গায়ে ক্ষমতাচ্যুত নেতা মুয়াম্মার গাদ্দাফির অবয়ব খোদাই করা ছিল।
রবিবার (১৩ সেপ্টেম্বর) রয়টার্সের বরাত দিয়ে ত্রিপোলির একটি নিরাপত্তা সংস্থার প্রকাশিত ছবিতে দেখা গেছে, বাদামী রঙের এই ট্যাবলেটগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যা দেখতে হুবহু গাদ্দাফির মাথা এবং কাঁধের আকৃতির মতো। এমনকি তার পরনের পোশাক এবং স্বতন্ত্র মুখাবয়বের রেখাও বড়ির গায়ে স্পষ্টভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
জাতিসংঘের গত জানুয়ারি মাসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, লিবিয়া বর্তমানে স্থানীয় ব্যবহারকারী এবং উত্তর আফ্রিকা ও এর বাইরের বিভিন্ন অঞ্চলে মাদক পাচারের একটি অন্যতম প্রধান আঞ্চলিক ট্রানজিট হাবে পরিণত হয়েছে। জাতিসংঘ মাদক ও অপরাধ কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১১ সাল থেকে দেশের অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিচ্ছে মাদক চক্রগুলো। ওই বছর ন্যাটো-সমর্থিত অভ্যুত্থানে গাদ্দাফি ক্ষমতাচ্যুত হন এবং এর মধ্য দিয়ে লিবিয়া দীর্ঘস্থায়ী অভ্যন্তরীণ সংঘাত ও বিভক্তির মধ্যে পড়ে যায়।
ত্রিপোলিভিত্তিক প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের অধীনস্থ নিরাপত্তা সংস্থা ‘আল-রাদাহ ফর কমব্যাটিং টেররিজম অ্যান্ড অর্গানাইজড ক্রাইম’-এর শনিবার প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, একটি চক্র সমুদ্রপথে মাদক পাঠানোর পরিকল্পনা করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে নিরাপত্তা এজেন্টরা চালানটি আসার পর থেকে তা নজরদারিতে রাখেন। চালানটি গন্তব্যে পৌঁছানোর পর কর্মকর্তারা তা আটকে দেন এবং একটি কার্গো ভ্যানের ভেতর থেকে লুকিয়ে রাখা এই বড়িগুলো উদ্ধার করেন।
বিবৃতিতে বলা হয়, এই অভিযানে মোট প্রায় ১ লাখ এক্সট্যাসি ট্যাবলেট জব্দ করা হয়েছে এবং বেশ কয়েকজন সন্দেহভাজনকে প্রসিকিউটরদের কাছে পাঠানো হয়েছে। সংস্থাটি আরও জানায়, ইউরোপের একটি দেশ থেকে বড়িগুলো একটি লিবিয়ান বন্দরে এসে পৌঁছায়, তবে নির্দিষ্ট করে কোনো দেশের বা বন্দরের নাম প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, ২০২১ সালে জাতিসংঘের মধ্যস্থতায় এবং স্বীকৃত জাতীয় ঐক্য সরকারের সাথে আলোচনার পর থেকে ত্রিপোলির প্রেসিডেন্সিয়াল কাউন্সিল রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করে আসছে। তবে লিবিয়া এখনো পশ্চিমে জিএনইউ এবং দেশের পূর্ব ও দক্ষিণাঞ্চলের বেশিরভাগ অংশের নিয়ন্ত্রণকারী সামরিক কমান্ডার খলিফা হাফ্তারের অনুগত কর্তৃপক্ষের মধ্যে বিভক্ত হয়ে রয়েছে।


