নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মো. লাবু মিয়া গ্রেফতার হয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে শালনগর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে গ্রেফতার করে লোহাগড়া থানা পুলিশ।
গ্রেফতারকৃত মো. লাবু মিয়া শালনগর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। তিনি নৌকা প্রতীক নিয়ে শালনগর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন এবং উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট লোহাগড়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা দুটি নাশকতা মামলার এজাহারনামীয় আসামি ইউপি চেয়ারম্যান লাবু মিয়া। এর মধ্যে ২০২৪ সালের ১৩ নভেম্বরের মামলায় জাহিদুল ইসলাম ঝুনু এবং ৯ ডিসেম্বরের মামলায় ইয়াজুর রহমান বাবু বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। দীর্ঘ দিন পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নিজ পরিষদ কার্যালয় থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া দুটি নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান লাবু মিয়াকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।


