অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সভাপতি পদে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।
এতে আরও উল্লেখ করা হয়, সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী দায়িত্ব গ্রহণের দিন থেকে তিনি সর্বোচ্চ পাঁচ বছর এ পদে দায়িত্ব পালন করবেন। তবে দায়িত্বের মেয়াদকালে ৬৫ বছর বয়স পূর্ণ হলে মেয়াদ শেষ হবে। অর্থাৎ পাঁচ বছর পূর্ণ হওয়া বা ৬৫ বছর বয়সে পৌঁছানো, দুটির মধ্যে যেটি আগে ঘটবে, সেটিই তার দায়িত্বের শেষ সময় হিসেবে বিবেচিত হবে।


