কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে মাটিচাপা পড়ে নুনুশি (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলার পালংখালী ইউনিয়নের তানজিমারখোলা ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-৫ ব্লকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুনুশি একই এলাকার জামাত হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে তানজিমারখোলা ১৩ নম্বর ক্যাম্পের এফ-৫ ব্লকে আকস্মিক পাহাড়ধসের ঘটনা ঘটে। পাহাড় থেকে নেমে আসা মাটির বড়বড় খণ্ডের সঙ্গে কয়েকটি পাথরও জামাত হোসেনের বসতঘরের ওপর পড়ে। এতে ঘরের ভেতরে থাকা নুনুশি মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার পরপরই পুলিশ ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে।
রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার মধ্যরাত থেকে উখিয়াসহ কক্সবাজারে থেমে থেমে হালকা, মাঝারি ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন পাহাড়ের ঢাল ও খাদসংলগ্ন বসতঘরগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।

